ডিবি পরিচয়ে শিক্ষার্থীকে অপহরণকালে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্য পরিচয় দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টাকালে একজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
আটক ভুয়া ডিবি পরিচয়ধারী উজ্জ্বল হোসেন (২৫) রাজশাহী নগরের বোয়ালিয়া থানার দড়িখড়বোনা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুরুজ্জামান ক্যাম্পাসে ঢুকছিলেন। এ সময় দুই মোটরসাইকেল আরোহী ডিবি পরিচয় দিয়ে তাঁকে জোর করে মোটরসাইকেলে তোলার চেষ্টা করেন। এ সময় নুরুজ্জামান চিত্কার করলে আশপাশের লোকজন ছুটে এসে ভুয়া ডিবি পরিচয়ধারীদের ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল করিম জানান, খবর পেয়ে মতিহার থানার পুলিশ ঘটনাস্থলে এসে একজনকে মোটরসাইকেলসহ আটক করে। তাঁর সঙ্গে থাকা অপরজন পালিয়ে যেতে সক্ষম হন। তাঁর নাম মো. জন। বাড়ি রাজশাহী নগরের রাজারহাতা এলাকায়।

রেজাউল করিম বলেন, ‘আটক উজ্জ্বলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই শিক্ষার্থীর কাছে থাকা ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাই করার উদ্দেশ্যেই ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে যেতে চেষ্টা করছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।’ একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।