ডিবি পরিচয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে গত বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে নজরুল ইসলাম নামের এক চাল ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।ছিনতাইয়ের শিকার নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মোহাম্মদপুরের কৃষি মার্কেটের চালের আড়তে তাঁর একটি দোকান রয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে তিনি একটি বেসরকারি ব্যাংকের শ্যামলী শাখা থেকে সাড়ে তিন লাখ টাকা তুলে হেঁটে দোকানে ফিরছিলেন। দোকানের কাছাকাছি এলে একটি সাদা মাইক্রোবাস তাঁর গতিরোধ করে। মাইক্রোবাস থেকে তিন-চারজন যুবক বের হয়ে অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে মাইক্রোবাসে তুলে নেয়। ভেতরে আরও চার-পাঁচজন যুবক ছিল। প্রত্যেকের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। কয়েকজনের হাতে ছিল ওয়াকিটকি। তারা নিজেদের ডিবির লোক পরিচয় দেয়।নজরুল বলেন, মাইক্রোবাসে ওঠানোর কিছুক্ষণ পর ‘তুই অবৈধ ব্যবসা করিস’ বলে যুবকেরা তাঁর চোখ বেঁধে ফেলে। এরপর হাতে হ্যান্ডকাপ পরিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। একপর্যায়ে হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে ক্রসফায়ারের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়।নজরুল বলেন, মাইক্রোবাসের জানালার কাচগুলো ছিল কালো ও আটকানো। আধঘণ্টা পর যুবকেরা চোখের বাঁধন ও হ্যান্ডকাপ খুলে তাঁকে শেরেবাংলা নগর থানা এলাকার গণভবনের পাশে নামিয়ে দেয়। পরে তিনি মোহাম্মদপুর থানায় একটি জিডি করেন। আতঙ্কে তিনি মামলা করেননি বলে জানান।কৃষি মার্কেট ব্যবসায়ী সমিতির সহসভাপতি মোহাম্মদ ইকবাল প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার মার্কেটে সাপ্তাহিক ছুটি ছিল। এ কারণে লোকসমাগম ছিল না বললেই চলে।ব্যবসায়ীরা বলেন, ঘটনার পর থেকেই তাঁরা আতঙ্কে আছেন। এ ঘটনায় জিডি করা হলেও পুলিশ না আসায় এ আতঙ্ক বেড়েছে। পরে গতকাল শুক্রবার দুপুরের দিকে ফোন করে অনুরোধ করলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসাইন ঘটনাস্থলে আসেন।এ ব্যাপারে হাবিল হোসাইন প্রথমে বলেন, ‘মামলা দিলে তা গ্রহণ করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’ জিডির পরিপ্রেক্ষিতে কি কোনো তদন্ত হবে না, জানতে চাইলে তিনি বলেন, ‘অপরাধীদের শনাক্ত করার জন্য আমরা ব্যবস্থা নেব।’ ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছি। পরে তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান গিয়েছেন।’তবে যোগাযোগ করা হলে কামরুজ্জামান বলেন, ‘আমি তো এ সম্পর্কে কিছুই জানি না। খোঁজ নিয়ে বলছি। ১০ মিনিট পর ফোন করেন।’পরে ফোন করলে কামরুজ্জামান বলেন, ‘হঠাৎ করে বলছেন তো, বুঝে উঠতে পারিনি। আমি ঘটনাস্থলে গিয়েছি।’তবে ব্যবসায়ীরা দাবি করেছেন, কামরুজ্জামান নামে কোনো পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে যাননি।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, ‘এ ধরনের ৫০ জনের বেশি দুর্বৃত্তকে এ বছর আমরা গ্রেপ্তার করেছি। অভিযান চলবে। ছিনতাইকারী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।’চলতি বছরের ৬ এপ্রিল মিরপুর মাজার রোডে ডিবি পরিচয়ে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে ইকবাল হোসেন নামের এক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছিল পুলিশ।