ডিবি পরিচয়ে সোনা ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মৃদুল চৌধুরী নামের এক সোনা ব্যবসায়ীকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যবসায়ী র‌্যাবের এক কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে সম্প্রতি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ৮০ ভরি সোনা লুটের মামলা করে আলোচনায় আসেন। নগরের নিউমার্কেটে দুলহান জুয়েলার্সের মালিক মৃদুল চৌধুরী।
এদিকে অপহরণের ঘটনায় ব্যবসায়ীর ভাই শিমুল চৌধুরী নগরের কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। তবে ডিবি পুলিশ মৃদুল চৌধুরী নামের কাউকে আটক করতে অভিযান পরিচালনা করেনি বলে জানায়। অপহূত ব্যবসায়ীর ভাই শিমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নগরের কোতোয়ালি পুরাতন টেলিগ্রাফ রোডের বাসা থেকে বের হয়ে হাজারী লেনের দোকানে যাওয়ার জন্য শিমুল চৌধুরী বাসার সামনে দাঁড়ান। এ সময় একটি মাইক্রোবাসে করে আসা কয়েকজন লোক আমার ভাইকে জোর করে টেনেহিঁচড়ে গাড়িতে তোলেন। স্থানীয় লোকজন বাধা দিলে অস্ত্রের ভয় দেখিয়ে মাইক্রোবাসে থাকা লোকজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এর পর থেকে আমার ভাইকে খুঁজে পাচ্ছি না।’
শিমুল চৌধুরী আরও বলেন, ‘র‌্যাব-২-এর কর্মকর্তা মেজর রাকিবুল আমিন, র‌্যাবের দুই সোর্স ফাহাদ চৌধুরী ও বাবুল পালের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে আমার ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন। কী কারণে অপহরণ করেছে দুর্বৃত্তরা, বুঝতে পারছি না। ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার না হলে জুয়েলার্স সমিতি আন্দোলনে নামবে। বুধবার তাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।’
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে জানান, পুরাতন টেলিগ্রাফ রোড এলাকায় নগর ডিবি পুলিশের কোনো দল অভিযান পরিচালনা করেনি। মৃদুল চৌধুরী নামের কাউকে ডিবি পরিচয়ে আটক করা হয়নি।