ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট শহরের শেখ রাসেল শিশুপার্কে গত সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে রাউফুন বরাত (২০) নামের প্রতারককে ডিবি (গোয়েন্দা) পুলিশ আটক করেছে।
রাউফুন বরাত জেলা শহরের সুরকির মিল কলোনির আবদুর রহমানের ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী গ্রামের হযরত আলীর ছেলে মেডিকেল রিপ্রেজেনটেটিভ ফরহাদ হোসেন (২৫) গত রোববার সন্ধ্যায় লালমনিরহাট শহরের সোহরাওয়ার্দী মাঠের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় আসামি কয়েকজন সহযোগীসহ পথরোধ করে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। কথাবার্তার একপর্যায়ে আসামি ডিবি পুলিশ বলে পরিচয় দিয়ে ফরহাদকে পার্কে যেতে বাধ্য করেন। সেখানে মোটরসাইকেল আটকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে ফরহাদের কাছে থাকা প্রায় পাঁচ হাজার টাকা কেড়ে নেন। বাকি টাকা দিয়ে সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলটি ফেরত নিতে বলেন।
লালমনিরহাট ডিবি পুলিশকে ঘটনা জানানো হলে সোমবার সন্ধ্যায় পার্কে অভিযান চালিয়ে রাউফুনকে আটক করা হয়। সদর থানার এসআই মিজানুর রহমান বলেন, রাউফুনকে আটকের পর ফরহাদ তাঁকে শনাক্ত করেছেন।