ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি তিনজন গ্রেপ্তার
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে চাঁদাবাজি করেছেন—এমন অভিযোগে সৈয়দপুরে মো. জাহিদ (৩০) এবং তাঁর সহযোগী হিসেবে ইসরাইল (৩৩) ও মাহফুজা (২৫) নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার শহরের ইসলামবাগ ও নিয়ামতপুর মহল্লা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ২০ সেপ্টেম্বর শহরের আদানী মোড় এলাকায় ইসরাইল ও মাহফুজা বাড়ি করার জন্য কিছু জমি কিনবেন বলে অবসরপ্রাপ্ত রেলওয়ের প্রকৌশলী আবদুল হান্নানের সঙ্গে দেখা করেন। ওই সময় আদানী মোড়ে নিজ বাড়ি নির্মাণের কাজ দেখাশোনা করছিলেন তিনি। আবদুল হান্নান ওই দুজনকে কয়ানিজপাড়া মহল্লায় নিজের ভাড়া বাসায় নিয়ে আসেন। কথাবার্তার একপর্যায়ে সেখানে হাজির হন জাহিদ। তিনি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেন এবং বাড়িতে অবৈধ কারবার হয় বলে বাড়ির মালিক আবদুল হান্নানকে ভয়ভীতি দেখিয়ে গ্রেপ্তার করার হুমকি দেন। জাহিদ ও তাঁর সঙ্গীরা বলেন, গ্রেপ্তার এড়াতে চাইলে ঘুষ দিতে হবে। হান্নান ভয়ে নগদ ৩০ হাজার টাকা ও সোয়া ভরি ওজনের গয়না (যার বাজারমূল্য ৪০ হাজার টাকা) তুলে দেন তাঁদের হাতে। কিন্তু তাঁরা আরও টাকা দাবি করলে ইসলামি ব্যাংক সৈয়দপুর শাখার অনুকূলে ৭০ হাজার টাকার দুটি চেক দেওয়া হয়। প্রথম চেকের ৫০ হাজার টাকা গত ২১ সেপ্টেম্বর তুলে নেন তাঁরা। পরের ২০ হাজার টাকার চেকটি ভাঙাতে স্থানীয় ব্যাংকে গিয়ে টাকা না পেয়ে মোবাইলে হুমকি দেন। এদিকে আবদুল হান্নান পুলিশকে ঘটনাটি জানান এবং ২০ সেপ্টেম্বরই চাঁদাবাজির অভিযোগে ওই তিনজনকে আসামি করে সৈয়দপুর থানায় মামলা করেন। পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত বুধবার ওই তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, জাহিদের স্ত্রী মাহফুজা। ইসরাইল তাঁদের মামা।এ ব্যাপারে বাড়ির মালিক আবদুল হান্নান বলেন, ‘মানসম্মানের ভয়ে হুমকিদাতা ওই তিনজনকে টাকা দিয়েছিলাম।’ সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ভুয়া ডিবি পুলিশসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।