রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে সাদা পোশাকের লোকেরা ‘ধরে নেওয়ার’ ছয় দিন পরও ফিরে আসেননি তেজগাঁও কলেজ থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম (২৮)। পরিবারের ভাষ্য, তাঁকে ডিবি পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে তরিকুলের পরিবার তাঁকে ফিরে পেতে আকুতি জানায়।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিখোঁজ তরিকুল ইসলামের মা হাসিনা বেগম লিখিত বক্তব্যে বলেন, ৬ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় দক্ষিণখানের প্রেমবাগানের বাসা থেকে সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁর ছেলেকে আটক করেন। তরিকুলকে সাদা রঙের মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। স্বজনেরা তাঁর খোঁজে ডিবি কার্যালয়, র্যাব ও দক্ষিণখান থানায় যোগাযোগ করেন। তারা সবাই তরিকুলকে আটক বা গ্রেপ্তারের কথা অস্বীকার করে।
হাসিনা বেগম বলেন, তাঁরা দফায় দফায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যোগাযোগ করে তরিকুলের সন্ধান পাননি। এ কারণে তাঁরা হতাশ। গত সোমবার সকালে দক্ষিণখান থানায় তরিকুলের নিখোঁজ হওয়া নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তরিকুলের ছোট ভাই সাইফুল ইসলাম ও খালাতো ভাই মইনুদ্দীন রুবেল। দক্ষিণখান থানার ওসি শামীম-অর-রশিদ তালুকদার জানান, ছাত্রদল নেতা তরিকুলের নিখোঁজ থাকার বিষয়টি পুলিশ তদন্ত করছে।