ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় সাত ব্যক্তি আটক
রাজধানীর অদূরে আশুলিয়ার জিরাব এলাকা থেকে পুলিশ গতকাল সোমবার একটি মাইক্রোবাসসহ সাত ব্যক্তিকে আটক করেছে। তাঁদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল ও হাতকড়া উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নড়াইলের আকাশ (২৫), আনোয়ার হোসেন (২২), বাগেরহাটের আল আমিন (৩৩), বগুড়ার নজরুল ইসলাম (৩৩), মানিকগঞ্জের আলিম (২৬), খলিল (২৫) ও মাইক্রোবাসচালক রনি (২৩)। তাঁরা দীর্ঘদিন ধরে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ছিনতাইসহ নানা অপকর্ম করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ভাষ্যমতে, সন্ত্রাসীদের একটি দল সকাল সাড়ে আটটার দিকে দুটি গাড়িতে করে আবদুল্লাপুর-বাইপাইল সড়কের জিরাব বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা করছিল। খবর পেয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গিয়ে সাত সন্ত্রাসীকে আটক করে। এ সময় অপর একটি গাড়িতে করে আরও কয়েক সন্ত্রাসী পালিয়ে যায়। পুলিশ গুলি ছুড়েও তাদের আটক করতে পারেনি। এসআই সেকেন্দার হোসেন গতকাল সন্ধ্যায় বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।