ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার মাধবপুর এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ডাকাতেরা। খবর পেয়ে পুলিশ এলে ডাকাতেরা তাদের লক্ষ্য করে পেট্রলবোমা হামলা চালায়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মাধবপুরের ব্যবসায়ী শাহজাহান মিয়ার বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ১০-১২ জন ডাকাত হানা দেয়। ডাকাতেরা ওই বাড়িতে গিয়ে বলে, ‘আমরা ডিবি পুলিশ, আপনাদের বাড়িতে অবৈধ অস্ত্র আছে, দরজা খোলেন।’ বিষয়টি শাহজাহান মিয়ার সন্দেহ হলে তিনি জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়িতে ফোন দেন।
এদিকে বেশ কিছু সময় হলেও দরজা না খোলায় ডাকাতেরা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। এরই মধ্যে ফোন পেয়ে চক্রবর্তী ফাঁড়ির পুলিশের একটি দল ওই বাড়িতে আসে। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। কিন্তু কেউ হতাহত হয়নি। পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন এক ডাকাতকে আটক করে পিটুনি দেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।