ডিবি পুলিশ পরিচয়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গতকাল সোমবার শাহনেওয়াজ ভুট্টো (৩৭) নামের এক কাপড় ব্যবসায়ীর কাছ থেকে দুর্বৃত্তরা চার লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শাহনেওয়াজ ঢাকার ইসলামপুরের ব্যবসায়ী। তাঁর বাড়ি কেরানীগঞ্জের আগানগরে। ব্যবসায়ী শাহনেওয়াজ অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে তিনি চার লাখ ৯০ হাজার টাকা তোলেন। টাকা নিয়ে দিশারী পরিবহনের একটি বাসে করে ঢাকার পীর ইয়ামেনী মার্কেটে আসছিলেন তিনি। বাসটি দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর কাছে পৌঁছালে একটি সাদা রঙের মাইক্রোবাস সেটির গতিরোধ করে। এ সময় মাইক্রোবাস থেকে তিনজন লোক বাসে উঠে নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। তাদের হাতে হ্যান্ডকাফ ও ওয়্যারলেস সেট ছিল। তাঁকে সাগর-রুনি হত্যাকাণ্ডের পলাতক আসামি বলে আখ্যায়িত করে হাতে হ্যান্ডকাফ পরিয়ে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তোলে।