বরিশালের গৌরনদী উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একজন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার সময় পথচারীরা একটি মাইক্রোবাসসহ একজনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, গৌরনদী শহরের বাসস্ট্যান্ডের কাছে গৌরনদী সুপার মার্কেটের মা-মণি জুয়েলার্সের মালিক সোহেল গোমস্তা গত সোমবার রাত সাড়ে আটটার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে পতিহারে তাঁর বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত পৌনে নয়টার দিকে বাসস্ট্যান্ডের অদূরে অজ্ঞাতনামা চার ব্যক্তি রাস্তায় একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ছ-১৪-৭০৫৪) দিয়ে বেরিকেড দেন এবং সোহেলের পথ রোধ করেন। তাঁরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সোহেলকে হাতকড়া পরিয়ে মাইক্রেবাসে তোলেন। এ সময় সোহেলের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাঁদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে তিনজন পালিয়ে গেলেও লোকজন মাইক্রোবাসসহ চালক মীর মামুনকে (৩০) আটক করে। পরে তাঁকে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।সোহেল গোমস্তা এ ঘটনায় মঙ্গলবার গৌরনদী থানায় মামলা করেছেন। আটক মামুনের বাড়ি পটুয়াখালীর বাউফলের কাঁচিপাড়া গ্রামে। তবে থানা হাজতে মামুন দাবি করেন, পালিয়ে যাওয়া ব্যক্তিরা বরিশালে যাওয়ার কথা বলে মাইক্রোবাসটি ভাড়া নিয়ে ওই স্থানে গিয়েছিলেন।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আটক মীর মামুনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।