ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাস ছিনতাই
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে দুর্বৃত্তরা আরএকে সিরামিকস লিমিটেডের একটি নোয়া মাইক্রোবাস ছিনিয়ে নিয়ে গেছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হলেও গতকাল বুধবার রাত ১১টা পর্যন্ত মাইক্রোবাসটি উদ্ধার হয়নি।মামলার এজাহারে উল্লেখ করা হয়, চালক মফিজুল ইসলাম গত ১৩ এপ্রিল রাতে গাড়ি চালিয়ে ঢাকা-ময়মনসিংহ সড়কের ছয়দানা এলাকায় পৌঁছলে পেছন থেকে আরেকটি গাড়ি এসে নোয়া মাইক্রোবাসটির গতি রোধ করে। তারা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দিয়ে চালককে তাদের গাড়িতে তুলে নিয়ে ঢাকার দিকে রওনা হয়। দুর্বৃত্তরা আবার গাড়িটি ঘুরিয়ে জয়দেবপুরের ভোগড়া-নারায়ণগঞ্জ বাইপাস সড়কে চালককে ছেড়ে দেয়। এরপর তারা মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যায়।যোগাযোগ করা হলে গাজীপুর জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত চলছে। তবে কোনো অগ্রগতি নেই।