ডিবি পুলিশ পরিচয়ে শিক্ষকদের বেতনের টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে একটি বিদ্যালয়ের শিক্ষকদের বেতনের প্রায় দেড় লাখ টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মাইক্রোবাসের চালকসহ দুজনকে গ্রেপ্তার করলেও ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে পারেনি।গ্রেপ্তারকৃতরা হলো ঢাকার দোহার উপজেলার নারীশাইল গ্রামের সোবহান শেখ (৪০) ও মাগুরার মহাম্মদপুর উপজেলার জয়রামপুর গ্রামের মাইক্রোবাসের চালক মশিউর রহমান (৩৫)।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সোমবার সকালে উপজেলার আনাইতারা ইউনিয়নের ফতেপুর ময়নাল হক উচ্চবিদ্যালয়ের তিনজন শিক্ষক অগ্রণী ব্যাংকের মির্জাপুর শাখা থেকে শিক্ষক-কর্মচারীদের বেতনের এক লাখ ৪৩ হাজার ৫০০ টাকা তোলেন। দুপুর পৌনে ১২টার দিকে তাঁরা টাকা নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসে ওঠেন। বাসটি উপজেলা সদরের পোস্টকামুরী চরপাড়া সেতু পার হলে ছিনতাইকারীরা রাস্তার ওপর একটি মাইক্রোবাস আড়াআড়ি করে রেখে বাসটির গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাসে ওঠে। তারা একটি মামলার আসামি বলে টাকা বহনকারী স্কুলশিক্ষক মো. আলম মিয়াকে হাতকড়া পরিয়ে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে ওঠায়। অপর দুই শিক্ষক আরিফ হোসেন ও নজরুল ইসলাম ঘটনাটি পুলিশকে জানান। মাইক্রোবাসে চোখ বেঁধে মারধর করে সঙ্গে থাকা টাকাগুলো নিয়ে ছিনতাইকারীরা আলম মিয়াকে মির্জাপুর বাইপাসের কুমারজানী এলাকায় ফেলে রেখে যায়। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, এ ঘটনায় একজন শিক্ষক বাদী হয়ে মামলা করেছেন। ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।