ডিবি পুলিশ বেপরোয়া
চাঁদার দাবিতে নারায়ণগঞ্জে বেপরোয়া হয়ে উঠেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গত বুধবার রাতে তাঁরা শহরের ছয়টি রেস্তোরাঁয় ঢুকে মালিক ও ব্যবস্থাপককে বেধড়ক পিটুনি দেন। গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছে জেলা রেস্তোরাঁ মালিক সমিতি।ডিবি পুলিশের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে হয়রানি বন্ধ করতে গতকাল পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি। এর আগে একই অভিযোগ এনে বুধবার পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে চিঠি দেয় বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। রেস্তোরাঁর আহত মালিক ও ব্যবস্থাপকেরা জানান, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হারুনের নেতৃত্বে চার-পাঁচজন পুলিশ সদস্য শহরের ২ নম্বর রেলগেট এলাকায় হোটেল ফুড গার্ডেন, শরীফ বিরিয়ানি হাউস, আল হাজি বিরিয়ানি হাউস, আজমেরী বিরিয়ানি হাউস, আল্লাহু হোটেল ও আমান হোটেলে ঢুকে মালিক ও ব্যবস্থাপকদের বেধড়ক পেটান। এতে আহত হন কমপক্ষে ছয়জন। ফুড গার্ডেনের অন্যতম মালিক সুজাউদ্দিন আহম্মেদ অভিযোগ করেন, চাঁদার দাবিতে এসআই হারুন আধা ঘণ্টাব্যাপী তাণ্ডব চালালে গুরুতর আহত হন তাঁর অংশীদার নূর মোহাম্মদ। বেধড়ক পিটিয়ে তাঁকে গাড়িতে তুলে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে যান। সেখানে আরেক দফা পেটানোর পর নূরকে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় নূরকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বক্তব্য জানতে এসআই হারুনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।ডিবির বিরুদ্ধে আরেকটি চিঠি: নারায়ণগঞ্জ ডিবি পুলিশের বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ এনে গতকাল পুলিশ সুপারের কাছে পাঠানো চিঠিতে সই করেন এফবিসিসিআইয়ের পরিচালক এবং বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি মোহাম্মদ জালাউদ্দিন।চিঠিতে উল্লেখ রয়েছে, বেশ কিছুদিন ধরে জেলা ডিবি পুলিশের কোনো না কোনো সদস্য প্রায় সময় বেকারি কারখানাগুলোতে হানা দিয়ে শ্রমিক-কর্মচারীদের ধরে এনে টাকা দাবি করছেন। শ্রমিক-কর্মচারীদের মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয়ভীতি দেখাচ্ছেন। কখনো কখনো তাঁরা টাকাও আদায় করছেন। ডিবি পুলিশের হয়রানির কারণে অনেকে শ্রমিক-সংকটে পড়েছেন। পাশাপাশি ব্যবসাও ক্ষতির মুখে পড়েছে। হয়রানি থেকে পরিত্রাণ পেতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, অভিযোগের সত্যতা পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।