ডিবি পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ পলায়ন
নওগাঁর মান্দায় সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ীকে আটকের সময় হামলার শিকার হয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান ওই ব্যক্তি। বুধবার উপজেলার বড়বেলালদহ এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন হাতকড়াসহ পালিয়ে যাওয়া খলিলুর রহমানের (৫০) স্ত্রী পারুল বেগম (৪৫) ও একই এলাকার বশির উদ্দিন মোল্লার ছেলে লাদু মোল্লা (৫০)। সবার বাড়ি উপজেলার বড়বেলালদহ গ্রামে।
জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) মহসীন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মান্দা উপজেলার বড়বেলালদহ গ্রামে খলিলুর রহমানের বাড়িতে বুধবার অভিযান চালায়। তিনি এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ সময় ২০ গ্রাম হেরোইনসহ খলিলকে আটক করা হয়। তাঁকে হাতকড়া পরিয়ে দেন ডিবি পুলিশের সদস্য আনোয়ার হোসেন। হঠাৎ আনোয়ারের ওপর হামলা করেন খলিলুর রহমানের স্ত্রী পারুল বেগম। তিনি রড দিয়ে আনোয়ার হোসেনকে বেধড়ক পেটাতে থাকেন।
বিষয়টি নিয়ে হইচই শুরু হয়ে গেলে আরও অনেকে এগিয়ে আসেন। তখন খলিলুর রহমানের প্রতিবেশী লাদু মোল্লা একটি হাতুড়ি দিয়ে পুলিশ সদস্য আনোয়ার হোসেনকে মারপিট করেন। এ সময় খলিলুর হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান। আহত আনোয়ারকে (৩০) উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে মান্দা থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ খলিলের স্ত্রী পারুল ও প্রতিবেশী লাদু মোল্লাকে আটক করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ব্যবসায়ী খলিলকে আটকের চেষ্টা চলছে।