ডিবি পুলিশের ধাওয়া, পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু
নারায়ণগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) ধাওয়া খেয়ে পালানোর সময় ডোবার পানিতে ডুবে আবদুল মান্নান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাতে জেলা শহরের চাঁদমারী এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে ওই এলাকার একটি ডোবা থেকে উদ্ধারের পর লাশ নিয়ে এলাকাবাসী বিক্ষোভ করেন। পরে তাঁরা পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। নিহত মান্নান চাঁদমারী বস্তি এলাকাতে বাস করতেন। তাঁর বাড়ি জামালপুর জেলায়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মাদকের চালান আসার খবর পেয়ে রোববার গভীর রাতে শহরের চাঁদমারী বস্তি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীসহ অন্যরা পালিয়ে যান। এ সময় ডোবার পানিতে পড়ে আবদুল মান্নান মারা যান। পরে ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে ত্যাগ করলেও মান্নান নিখোঁজ থাকেন। গতকাল সকালে ডোবা থেকে মান্নানের লাশ উদ্ধার করেন এলাকাবাসী।
এ ঘটনার প্রতিবাদে সকাল নয়টার দিকে এলাকাবাসী মান্নানের লাশ নিয়ে শহরের চাঁদমারীতে অবস্থিত এসপির কার্যালয় ঘেরা করার চেষ্টা করেন। পুলিশের বাধার কারণে তাঁদের সে চেষ্টা ব্যর্থ হয়। একপর্যায়ে এলাকাবাসী ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন। এ সময় প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
মান্নানের স্ত্রী আন্না বেগম অভিযোগ করেন, মান্নান পেশায় রাজমিস্ত্রি ছিলেন। রাতে ডিবি পুলিশ তাঁদের বাড়ি থেকে মান্নানকে আটক করে। পরে পুলিশ তাঁকে ছেড়ে দেওয়ার জন্য দুই লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে মান্নান জানালা দিয়ে পানিতে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর রাত থেকে তিনি নিখোঁজ থাকেন।
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, রাতে গাঁজার বড় একটি চালান আসার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল শহরের চাঁদমারীতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। সকালে তাঁরা মান্নানের লাশ উদ্ধারের খবর পান। মান্নান শহরের চাঁদমারী এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী মক্কার ভাই বলে জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান গতকাল বিকেলে জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ মাদকবিরোধী ওই অভিযান চলাকালে দুজনকে আটক করেছে।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শহরের চাঁদমারী এলাকাটি মাদকের ‘হাট’ হিসেবে পরিচিত। এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে মাদক বিক্রি হয়। অভিযোগ রয়েছে, এই মাদক বিক্রির স্থান থেকে পুলিশ নিয়মিত মাসোয়ারা পায়। অপরদিকে, ডিবি পুলিশের বিরুদ্ধে নিরীহ মানুষকে আটকের পর তাঁদের মাদক দিয়ে ফাঁসিয়ে চাঁদাবাজি করার অভিযোগও রয়েছে। সম্প্রতি ডিবি পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের রেস্তোরাঁর মালিকেরাও বিক্ষোভ করেছেন।