ডিবি পুলিশের ধাওয়ায় একজনের মৃত্যু
যশোরের শার্শা উপজেলার কন্যাদাহ বাজারে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে আবদুল মান্নান (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
আবদুল মান্নান কন্যাদাহ বাজারে নৈশপ্রহরীর কাজ করতেন। তিনি শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামের বাসিন্দা ছিলেন।
ঘটনাস্থল থেকে আধা কেজি গাঁজাসহ কন্যাদাহ গ্রামের মো. জোদ্দিন নামের অপর এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। জোদ্দিন কন্যাদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আয়নাল হকের ভাই।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, কন্যাদাহ বাজারের নির্মাণাধীন একটি দোতলা ভবনের ছাদে বসে আবদুল মান্নান, জোদ্দিনসহ কয়েকজন গাঁজা সেবন করছিলেন। পুলিশ তাঁদের ধরতে গেলে মান্নানসহ কয়েকজন ভবনের জানালা দিয়ে লাফিয়ে পালাতে যান। এ সময় ভবনের শৌচাগারের পাইপের সঙ্গে মান্নানের লুঙ্গি আটকে গিয়ে মাথায় আঘাত পান। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মান্নান মাদকসেবী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত। তবে তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই।
ওসি জানান, ঘটনাস্থল থেকে আধা কেজি গাঁজাসহ জোদ্দিন নামের অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
যশোর জেনারেল হাসপাতাল থেকে লাশের ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার বিকেলে পরিবারের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
আবদুল মান্নানের শ্যালক বাবলুর রহমান বলেন, ‘আমার ভগ্নিপতি বয়স্ক মানুষ। তিনি এলাকার নিরীহ ভালো মানুষ। বাজারে নৈশপ্রহরীর কাজ করেন। তিনি মাদক ব্যবসা বা সেবন করেন না। রাতে তিনি বাজারের অন্য নৈশপ্রহরীদের সঙ্গে ছিলেন। পুলিশ অতর্কিতভাবে গিয়ে ধাওয়া করে। কিছু না বুঝেই মানুষ দৌড়াদৌড়ি করে। এ সময় আঘাত পেয়ে আমার ভগ্নিপতি মারা যান।’