ডিবি পুলিশের সাত সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন উপপরিদর্শক (এসআই) ও দুজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাত সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি।তদন্ত কমিটির একমাত্র সদস্য চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শেখ মোহা. আমীনুল ইসলাম গতকাল রোববার আমলি আদালত ‘ক’ অঞ্চলে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়েছে, সাত আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩৪২/৩২৩/৫০০/৩৮৫ ও ৩৪ ধারায় অপরাধের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ২৯ জানুয়ারি তদন্ত প্রতিবেদনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। আদালত সূত্র জানায়, চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার বাসিন্দা আবদুল বারীর ছেলে আলমডাঙ্গা সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) জহুরুল ইসলাম বাদী হয়ে গত বছরের ৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা আমলি আদালত ‘ক’ অঞ্চলে জেলা ডিবি পুলিশের পাঁচ সদস্যের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় জেলা গোয়েন্দা পুলিশের এএসআই সামছুল হক, এসআই জিয়াউর রহমান, কনস্টেবল মো. শাহীন, সামছুল হক, সাইদুর রহমানসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়।মামলার বিবরণে বলা হয়, বাদী ২০১১ সালের ৭ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে দামুড়হুদা থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। তিনি চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছালে আসামিরা তাঁর মোটরসাইকেল থামান। পরে তাঁর ও তাঁর সঙ্গে থাকা চুয়াডাঙ্গা বড়বাজারপাড়ার রাব্বিউল কাদেরের দেহ তল্লাশি করেন। আসামিরা তাঁদের কাছে কিছু না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। এ ছাড়া ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে আসামিরা তাঁদের ডিবি কার্যালয়ে নিয়ে রাত তিনটা পর্যন্ত অমানুষিক নির্যাতন করেন। এরই মধ্যে বিষয়টি জানাজানি হয়ে গেলে প্রাণনাশের হুমকি দিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়।অভিযোগ আমলে নিয়ে আদালতের বিচারক শেখ মোহা. আমীনুল ইসলাম মামলাটি নিজেই বিচার বিভাগীয় তদন্ত করেন। তদন্তকালে মামলার আসামিদের মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। তদন্তে এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এএসআই নেওয়াজ ও কনস্টেবল ওমর ফারুকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাঁদেরও অভিযুক্ত করা হয়েছে।