ডিবি পুলিশের হাতে আটকের পর এক ব্যক্তির মৃত্যু
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটকের পর গতকাল বৃহস্পতিবার রাতে মামুন (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। ডিবি কর্মকর্তা জানিয়েছেন, মামুন মাদক ব্যবসায়ী। ডিবি সূত্র জানায়, গাড়িতে ফেনসিডিলের চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাত নয়টার দিকে ডিবি পুলিশের একটি দল তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (এফডিসি) গেটের সামনে অভিযান চালায়। একটি প্রাইভেট কারে তল্লাশির সময় মামুন তাঁর প্যান্টের পকেট থেকে একটি প্যাকেট বের করেন। এরপর ওই প্যাকেট থেকে সাদা গুঁড়ার মতো পদার্থ খেয়ে বমি করতে শুরু করেন। এ সময় মামুনের সহযোগী গাড়িচালক আইয়ুব আলী শাহীন ও নজরুলকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। অসুস্থ অবস্থায় মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ডিবির সহকারী পুলিশ কমিশনার জানান, প্রাইভেট কারটিতে কয়েক বস্তা ফেনসিডিল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হেরোইনের বিষক্রিয়ায় মামুনের মৃত্যু হয়েছে।