ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপকমিশনার মোল্যা নজরুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। একই ঘটনায় ডিবির পরিদর্শক আজহারুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাতকে প্রত্যাহার করে নেওয়া হয়।
নড়াইল এলাকার সরকারদলীয় সাংসদ কবিরুল হক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। এতে বলা হয়, গত ৬ এপ্রিল রাতে ডিবির উপকমিশনার নজরুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশ ব্যবসায়ী আবিদুল ইসলামকে গুলশানের বাসা থেকে বিনা কারণে ধরে নিয়ে যায়। পরে তাঁর কাছ থেকে এক কোটি টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে অভিযোগপত্রের অনুলিপি পাঠিয়েছেন সাংসদ। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক আদেশে নজরুল ইসলামসহ তিনজনকে প্ররক্ষা বিভাগে বদলি করা হয়।
ডিএমপি কমিশনারের দায়িত্বে থাকা মোহা. আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর নজরুল ইসলামকে বদলি ও ডিবির অপর দুই সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলামকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার বলেন, ‘ব্যক্তির দায় সংস্থা নেবে না। ঘুষ লেনদের ঘটনায় তদন্ত চলছে।’
সাংসদের অভিযোগপত্রে বলা হয়, ভুক্তভোগী সৈয়দ আবিদুল ইসলাম নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের আওয়ামী লীগের নেতা। ডিবির এসআই আবুল হাসনাত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের শান্তিনগর শাখা থেকে ঘুষের টাকা তুলেছেন। এক কোটি টাকা ঘুষ নেওয়ার পর তাঁকে ৭ এপ্রিল ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়। ব্যাংকের ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসি) ভিডিও ফুটেজ দেখলে এর সত্যতা পাওয়া যাবে। নজরুল ইসলামের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান সাংসদ কবিরুল। অভিযোগের সঙ্গে ব্যাংক হিসাব ও এসআই হাসনাতের সঙ্গে কথোপকথনের অডিও রেকর্ডও জমা দিয়েছেন তিনি।
তবে নজরুল ইসলাম ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ব্যবসায়ী আবিদুল, আমার ও সাংসদের বাড়ি একই এলাকায়। আমরা পরস্পরকে চিনি। নড়াইল একই আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বিমল বিশ্বাস। সাংসদ কবিরুল ছিলেন বিদ্রোহী প্রার্থী। আমার পরিবার ও আত্মীয়স্বজন নির্বাচনে বিমলকে সমর্থন দিয়েছিলেন। সে সময় থেকে সাংসদের সঙ্গে ব্যক্তিগতভাবে কিছুটা দুরত্ব তৈরি হয়েছে। এ কারণে আমার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন।’
সাংসদ কবিরুল হক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘নজরুল আমার এলাকার ছোট ভাই, পুলিশের বড় কর্মকর্তা, তাঁর সঙ্গে আমার সম্পর্কও ভালো। ব্যবসায়ী আবিদুলও আমার বন্ধু। ৭ এপ্রিল সকাল নয়টার দিকে আবিদুল আমাকে ফোন করে আটকের কথা জানান। তখন আমি ডিসি নজরুলকে ফোন করে বলি, এলাকার মানুষ হিসেবে আবিদুলকে টর্চার না করে ছেড়ে দেওয়ার জন্য। এরপর আরও চারবার নজরুলকে ফোন করলেও তিনি আর আমাকে পাত্তাই দেননি। এরপর আবিদুলের কাছ থেকে এক কোটি টাকা ঘুষ নেওয়া হয়। ঘুষের লেনদেনে সমন্বয়কারী নজরুলের মামা মিঠু নড়াইলের বিএনপির নেতা।’
পোশাক কারখানা ও নির্মাণ ঠিকাদার আবিদুল ইসলাম বলেন, ডিবির দল তাঁর বাসায় ঢুকে বলে, এ বাসায় হেফাজতে ইসলাম ও হিযুবত তাহ্রীর সদস্যদের আসা-যাওয়া আছে। এ কথা বলেই তারা আলমারিতে তল্লাশি চালায়। এসআই হাসনাত তাঁকে বলেন, ডিসি-ডিবি নজরুল ইসলামের নির্দেশে তাঁরা এসেছেন। একপর্যায়ে ইনস্যুরেন্স কোম্পানির গাড়িতে করে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে পরিদর্শক আজহারুল ইসলামের কক্ষে বসানো হয়।
ব্যবসায়ী আবিদুল বলেন, আজহার ও হাসনাত ডিবি কার্যালয়ে তাঁর কাছে পাঁচ কোটি টাকা দাবি করে বলেন, টাকা না দেওয়া হলে তাঁকে অস্ত্র ও গ্রেনেড মামলায় ফাঁসিয়ে দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হবে। এমনকি ক্রসফায়ারের ভয়ও দেখানো হয়।