ডিবির এএসআইয়ের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে গতকাল মঙ্গলবার ওই তরুণীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
তরুণীর মা প্রথম আলোকে জানান, তাঁর মেয়েকে নির্যাতনের বিচার চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযুক্ত ওই এএসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে তাঁকে উল্টো মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করতে তৎপর হয়ে উঠেছে পুলিশ। স্থানীয় বিশিষ্ট কয়েকজনকে সাক্ষী বানিয়ে মাদক ব্যবসায়ী বলে চালিয়ে দেওয়ারও চেষ্টা করছে পুলিশ। এখন তাঁর পরিবারের লোকজনকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ অবস্থায় তাঁর পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে। সঠিক বিচার পেতে গতকাল মঙ্গলবার আদালতে যান তিনি।
আদালতে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, এএসআই জাহাঙ্গীরসহ তিনজন ৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ভাদুঘরে তাঁদের ভাড়া বাসায় এসে দরজায় ধাক্কা দিতে থাকেন। এ সময় তরুণীর মা চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন। বিষয়টি মুঠোফোনে তরুণী তাঁর মাকে জানানোর সঙ্গে সঙ্গেই জাহাঙ্গীরসহ তিনজন দরজা ভেঙে ঘরে ঢোকেন। এ সময় জাহাঙ্গীর ওই তরুণীর সঙ্গে অশালীন আচরণ করতে থাকেন। নিজেকে বাঁচাতে চিৎকার শুরু করলে জাহাঙ্গীর তাঁকে মারধর করেন। চিৎকারে তরুণীর ছোট ভাই (৭) এগিয়ে এলে জাহাঙ্গীর তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় ওই তরুণী দৌড়ে ওই একতলা বাড়ির ছাদে উঠে যান। পরে জাহাঙ্গীরও ছাদে গিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। জাহাঙ্গীর একপর্যায়ে তরুণীকে হত্যার উদ্দেশে ছাদ থেকে ফেলে দিয়ে চলে যান। এতে ওই তরুণীর কোমরের হাড় ভেঙে যায়। এ ছাড়া তাঁর শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এরপর ছোট ভাই ও স্থানীয়রা তরুণীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে ঘটনার কিছুক্ষণ পরই বাড়ি ফেরার পথে তরুণীর বড় ভাই অটোরিকশা চালককে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে পাঁচ বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা বড়ি রাখার দায়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়। এরপর ওই পরিবারের সদস্যদের মাদক ব্যবসায়ী প্রমাণে জাহাঙ্গীর মরিয়া হয়ে ওঠেন।
ঘটনার পরদিন ভোরে জাহাঙ্গীর পরিবারের সবাইকে মামলা দিয়ে জেল খাটানো হবে জানিয়ে তরুণীর মাকে মুঠোফোনে হুমকি দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার অভিযোগ তদন্তের জন্য র‌্যাব-৯ কে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আদালত ঘটনার শিকার তরুণী ও তাঁর মায়ের বক্তব্য শোনেন।
বাদী পক্ষের আইনজীবী শেখ নাজমুল সাকিব বলেন, ‘গোয়েন্দা পুলিশের কয়েকজন সদস্য আদালতে এসে তরুণীকে ঘটনাটি দ্রুত শেষ করতে হুমকি দিয়েছেন।’
এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘মাদকের খবর পেয়ে ওই বাসায় আমরা অভিযান চালিয়েছি। অনেক ডাকাডাকির পর বাইরের লোহার গেইট না খুলে মেয়েটি ভেতরের সিঁড়ি দিয়ে ছাদে উঠে পালিয়ে যায়। পরে আমরা ঘরে ঢুকে চালের ড্রামের মধ্যে পাঁচ বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা উদ্ধার করি।’ ধর্ষণ চেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করতে সহকারী পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে এএসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।