ফরিদপুরে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে করা দুটি মামলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক মজনু মোল্লাসহ ১০ জনের তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ফরিদপুরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এ দিকে ডাকাতির প্রস্তুতিতে জড়িত থাকার অভিযোগ ওঠায় এসআই মজনুকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রাজবাড়ী জেলা ডিবির ইনচার্জ মো. বেলাল কাজী প্রথম আলোকে জানান, জেলা পুলিশ সুপার (এসপি) এস এম আইনুল বারী গত বৃহস্পতিবার এ বরখাস্তের আদেশ দেন। জানা যায়, ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গত বুধবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী টোল ঘরের সামনে একটি মাইক্রোবাস থেকে মজনু মোল্লাসহ ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। একই সময় তাদের কাছ থেকে ১০টি গুলিভর্তি দুটি বিদেশি পিস্তল, একটি ওয়্যারলেস সেট ও ১০টি মুঠোফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. হাশেম ওই দিনই মধুখালী থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে ১০ জনের বিরুদ্ধে দুটি মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জানান, অবৈধ অস্ত্র ও গুলি রাখা এবং ডাকাতির প্রস্তুতির ঘটনায় গতকাল জেলার বিচারিক হাকিম আদালতে গ্রেপ্তার হওয়া ১০ আসামির রিমান্ডের আবেদনের শুনানি হয়। শুনানি শেষে হাকিম আবদুল আল মাসুদ দুটি মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।