ডিবির এসআইসহ তিনজনকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীকে আটকে নির্যাতনের অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক উপপরিদর্শকসহ (এসআই) তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। নির্যাতনের ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম গত বুধবার রাতে তিনজনকে প্রত্যাহার করে তদন্ত কমিটি গঠন করেন। প্রত্যাহার হওয়া পুলিশের সদস্যরা হলেন এসআই সাইফুল ইসলাম, এএসআই শফিক ও কনস্টেবল কবির হোসেন।

পুলিশের কয়েকজন কর্মকর্তা জানান, ১৪ জুলাই থানকাপড়ের ব্যবসায়ী মনির হোসেনকে সদর উপজেলার ফতুল্লায় জেলা ডিবি পুলিশের কার্যালয়ে আটকে রেখে নির্যাতন করা হয়। নির্যাতনে গুরুতর অসুস্থ মনির এখনো শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, নির্যাতনের অভিযোগ পাওয়ার পরপরই ঘটনার সঙ্গে জড়িত ডিবি পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ডিবি পুলিশের বিরুদ্ধে নিরীহ মানুষ ও ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতন, মাদক মামলায় ফাঁসিয়ে চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।