ডিবির এসআইসহ ১০ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের ব্যবসায়ীকে অপহরণ করে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই করার অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক উপপরিদর্শকসহ (এসআই) ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফরিদপুর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা গত বুধবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া থেকে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের অন্যতম হলেন রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের এসআই মজনু মোল্লা ও চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল ওহিদ মোল্লা। তাঁদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহূত ১০টি গুলিভর্তি দুটি ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, একটি ওয়্যারলেস সেট ও ১০টি মোবাইল সেট উদ্ধার করা হয়।নাটোর সদর থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে শহরের মাদ্রাসা-মোড় থেকে ডিবি পুলিশের পরিচয়ে দুর্বৃত্তরা ইট ব্যবসায়ী সেলিম মৃধাকে মাইক্রোবাসযোগে অপহরণ করে। দুর্বৃত্তরা তার কাছে থাকা সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে মাইক্রোবাস থেকে ফেলে দেয়।