ডিবির এসিসহ ১১ জনকে থানায় সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কচুক্ষেত এলাকার একটি ক্লাব থেকে ১১ জনকে আটক করে কাফরুল থানায় সোপর্দ করেছে মিলিটারি পুলিশ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ওই ক্লাবে ঢুকে লোকজনের টাকাপয়সা ও মোবাইল ফোন কেড়ে নেন। গত মঙ্গলবার রাতে তাঁদের থানায় সোপর্দ করা হয়। তাঁদের মধ্যে আটজন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য বলে জানা গেছে। এ দলে সহকারী কমিশনার (এসি) পদের একজন কর্মকর্তাও আছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া ঘটনার সময় থানায় সোপর্দ করা সবাইকে সাময়িক বরখাস্ত করে রিজার্ভ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, কাফরুলের ‘নিউ ওয়েভ’ নামের ক্লাবে এ ঘটনা ঘটে। ক্লাবটি কাফরুল থানার ইব্রাহিমপুরের একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় অবস্থিত। ক্লাবে বিভিন্ন বয়সী ব্যক্তিরা (পুরুষ) প্রতিদিন আড্ডা দেন। সকাল থেকে রাত ১১টা-১২টা পর্যন্ত ক্লাব খোলা থাকে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে আটজন লোক সেখানে আসেন। তাঁরা ভেতরে ঢুকে নিজেদের গোয়েন্দা পুলিশ বলে পরিচয় দেন। ক্লাবের কয়েকজন এ সময় তাঁদের পরিচয়পত্র দেখতে চাইলে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁরা সবার মুঠোফোন ও সঙ্গে থাকা টাকা দিতে বলেন।
ক্লাবের সভাপতি আজম প্রথম আলোকে বলেন, তাঁরা সবার মুঠোফোন নেননি। শুধু দামি ফোনগুলো নিয়েছিলেন। কিন্তু সবার মানিব্যাগে থাকা সব টাকা নেন।
ঘটনার সময় উপস্থিত এক ব্যক্তি বলেন, ক্লাবের তিন সদস্য এর প্রতিবাদ করেন। গোয়েন্দা পরিচয়ে আসা লোকজন ওই তিনজনকে আটক করে গাড়িতে তোলেন। গাড়িটি ঢাকা সেনানিবাসের কচুক্ষেত এলাকা দিয়ে যেতে থাকলে ক্লাবের কয়েকজন সদস্য গাড়িটির পিছু নেন। তাঁরা চিৎকার করতে থাকলে সেনানিবাসের প্রবেশমুখে দায়িত্বরত সদস্যরা গাড়িটি আটক করেন। পরে ক্লাব থেকে মুঠোফোন ও টাকা ছিনিয়ে আনার অভিযোগ শুনে তাঁদের কাফরুল থানায় সোপর্দ করেন।
সভাপতি আরও অভিযোগ করেন, গোয়েন্দা পরিচয়ে আসা এই দলটি এর আগে গত ১৬ মার্চ ক্লাবটিতে আসে। ওই সময় তাঁরা অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যান। এরপর ক্লাবের দুই সদস্যকে গাড়িতে তুলে নিয়ে একজনের কাছে ১০ লাখ টাকা দাবি করেন। পরে একটি ব্যাংকের বুথ থেকে ৫০ হাজার টাকা তুলে নিয়ে তাঁদের ছেড়ে দেন। এই দলের আসা-যাওয়ার দৃশ্য ক্লাবের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা আছে।