রাজশাহীতে ফেনসিডিল চোরাচালানে জড়িত অভিযোগে বরখাস্ত হওয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বাদ দিয়ে তিন কনস্টেবল ও অটোরিকশাচালকের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।তড়িঘড়ি করে গত ২২ এপ্রিল রাজশাহী মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে ওই অভিযোগপত্র দেওয়া হয়। এ ক্ষেত্রে কঠোর গোপনীয়তা অবলম্বন করেন মামলার তদন্ত কর্মকর্তা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী সদর রেঞ্জের তত্ত্বাবধায়ক সলিমুল্লাহ।গত ১ মার্চ দিবাগত রাতে রাজশাহী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৯৫৪ বোতল আমদানি-নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের তিন কনস্টেবল সিদ্দিকুর রহমান, আবদুস সামাদ ও লালন মাহমুদ এবং অটোরিকশাচালক সাইফুল ইসলামকে আটক করে। ওই অভিযানে রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবিরের নেতৃত্বে র্যাবের উপপরিচালক কামরুল ইসলাম, এনডিসি মোবাশ্বেরুল ইসলাম ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।ওই কনস্টেবলদের কাছে কমান্ড সার্টিফিকেটের (সিসি) কপি ছিল না; ছিল না ইউনিফর্ম, সরকারি যানবাহন। মাথায় গামছা জড়িয়ে পায়ে স্যান্ডেল পরা অবস্থায় ছিলেন। তাঁদের ধরা পড়ার খবর পেয়ে ভোর চারটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তোফাজ্জল হোসেন খান ঘটনাস্থলে যান। তিনি কনস্টেবলদের বাঁচাতে একটি সিসি নিয়ে আসেন, যাতে সাধারণ ডায়েরির (জিডি) নম্বর ছিল না। নম্বরের জায়গা ফাঁকা ছিল। নিয়ম অনুযায়ী, বাইরে অভিযানে যেতে হলে তাঁদের সিসির কপি নিয়ে যেতে হয়। কোনো কর্মকর্তা ছাড়া শুধু কনস্টেবলরা সিসি নিয়ে অভিযানে যেতে পারেন না। এ ছাড়া সিসি অনুযায়ী গ্রেপ্তার হওয়া কনস্টেবলরা মতিহার থানার টাঙ্গন এলাকায় অভিযান চালাতে যান। সেখানে তাঁরা ফেনসিডিলগুলো আটক করেন। কিন্তু ফেনসিডিল থানায় জমা না দিয়ে নগরের গুড়িপাড়া এলাকায় গিয়ে ধরা পড়েন।এ ব্যাপারে গত ৫ মার্চ বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর ওসি তোফাজ্জলকে সাময়িকভাবে বরখাস্ত করে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়। রাজশাহী মহানগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার মনিরুল ইসলামের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফেনসিডিল চোরাচালানে প্রাথমিকভাবে ওসি তোফাজ্জল হোসেন খানের সুস্পষ্ট সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ছাড়া গ্রেপ্তার হওয়ার সময় তিন কনস্টেবল কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করেছিলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই তাঁরা ফেনসিডিলের চালান আনতে গিয়েছিলেন।নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পুলিশের বিরুদ্ধে ফেনসিডিল চোরাচালানের মামলা করায় বাদী ভূপতি বর্মণের ওপরে ক্ষুব্ধ হন তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ নিয়ে তাঁকে তিরস্কারও করেন। একপর্যায়ে গত মে মাসে তাঁকে বগুড়ার সান্তাহার সার্কেলে বদলি করা হয়। গত ২৭ মে তিনি নতুন কর্মস্থলে যোগ দেন।অভিযোগপত্রে ডিবির ওসির নাম না থাকা প্রসঙ্গে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা সলিমুল্লাহ গত সোমবার প্রথম আলোকে বলেন, তাঁকে যে কাগজপত্র দেওয়া হয়েছে, তাতে ওসির বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়নি।এ ব্যাপারে মামলার বাদী ভূপতি বর্মণ বলেন, ফেনসিডিলসহ কনস্টেবলরা গ্রেপ্তার হওয়ার পরে ওসি তোফাজ্জল এসে দাবি করেছিলেন, তাঁদের ফেনসিডিল উদ্ধার অভিযানে পাঠানো হয়েছিল। সিসি চাইলে তিনি দেখাতে পারেননি। তখন সদর এ সার্কেলের কার্যালয়ে বসে ম্যাজিস্ট্রেট এবং র্যাবের কর্মকর্তাদের সামনেই ওসি তোফাজ্জল একটি সাজানো সিসি তৈরি করে দেন, যাতে নামের কাটাকাটি ও জিডি নম্বরের জায়গা ফাঁকা ছিল। ওটা প্রকৃত সিসি নয় বলে জব্দ তালিকায় ওঠানো হয়নি। তদন্ত কর্মকর্তা চাইলে তাঁর কাছ থেকে নিতে পারতেন।