ডিবির কনস্টেবল আহত
পাবনার ঈশ্বরদীতে জুয়াড়িদের হামলায় আহসানুল ইসলাম নামে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একজন কনস্টেবল আহত হয়েছেন। গত বুধবার গভীর রাতে উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন জয়নগর গ্রামের রেজাউল ইসলাম (৪০), সাব্বির হোসেন (৪২), আবদুস সালাম (৩৫), সামসুল আলম (৪৫) ও এনামুল হক (৩২)। পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হারুন জানান, জয়নগর গ্রামের সামসুলের বাড়িতে রাতে নিয়মিত জুয়া খেলার আসর বসে। খবর পেয়ে সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় জুয়াড়িদের হামলায় পাবনায় কর্মরত ডিবি পুলিশের কনস্টেবল আহসানুল ইসলাম (৩০) আহত হন। পরে ঈশ্বরদী থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।ঈশ্বরদী থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, এ বিষয়ে ঈশ্বরদী থানায় দুটি মামলা হয়েছে। সরকারি কাজে বাধা দান ও জুয়া খেলার অভিযোগে এই দুটি মামলা হয়েছে। ডিবির উপপরিদর্শক হাসান জাহিদ মামলা দুটি করেন।