ডিবির কাছেও একই কথা বলছেন মা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনশ্রীতে দুই ভাইবোন হত্যার রহস্য জানতে তাদের মা মাহফুজা মালেককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। কিন্তু ডিবির জিজ্ঞাসাবাদেও সন্তান হত্যার পেছনে তাদের লেখাপড়া নিয়ে হতাশা ছাড়া অন্য কোনো কারণ উল্লেখ করেননি তিনি।
ডিবির এডিসি (পূর্ব) খন্দকার নুরুন্নবী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘মাহফুজা মালেকই তার দুই সন্তানকে হত্যা করেছেন এ ব্যাপারে আমরা নিশ্চিত। হত্যার কারণ হিসেবে তিনি আমাদের কাছেও দুই সন্তানের পড়ালেখা নিয়ে হতাশার কথা বলেছেন। অন্য কোনো কারণ জানা যায়নি।’
খন্দকার নুরুন্নবী বলেন, সামনে মেয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষা ছিল। মাহফুজা মালেক তাই আরও বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। মানসিক যন্ত্রণায় ভুগতে থাকেন। এ যন্ত্রণা থেকে মুক্তি পেতেই তিনি তার সন্তানদের হত্যা করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
গত ২৯ ফেব্রুয়ারি মাহফুজা মালেকের দুই সন্তান নুসরাত আমান (১২) ও আলভী আমানের (৬) রহস্যজনক মৃত্যু হয়। এরপর ৩ মার্চ র্যা বের জিজ্ঞাসাবাদে মা দুই সন্তান হত্যার কথা স্বীকার করেন বলে জানায় র্যা ব। ওই দিন রাতেই দুই সন্তানের বাবা আমান উল্লাহ বাদী হয়ে স্ত্রীকে একমাত্র আসামি করে রামপুরা থানায় হত্যা মামলা করেন। মামলা তদন্ত করতে মাহফুজা মালেককে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষ হলে গত বুধবার মামলা ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবি আবার তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক লোকমান হেকিম বলেন, বুধবার আদালত থেকে নিয়ে আসার পর থেকেই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে উল্লেখ করার মতো কোনো তথ্য মেলেনি।
ডিবি সূত্রে জানা গেছে, সন্তান হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা জানতে সন্তানদের বাবা ও মামলার বাদী আমান উল্লাহর সঙ্গেও কথা বলেছে ডিবি। গতকাল সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে বেরিয়ে আমান উল্লাহ জামালপুরে বাড়ির উদ্দেশে রওনা দেন।