ডিবির চার অভিযান, এখনো মামলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডার সাতারকুলে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শকের ওপর হামলা, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য গ্রেপ্তার ও মোহাম্মদপুরসহ রাজধানীর আশপাশের এলাকায় অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো মামলা হয়নি। ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আজ রোববার এসব ঘটনায় একাধিক মামলা হতে পারে।


শুক্রবার রাতে বাড্ডার সাতারকুল এলাকায় আবদুল্লাহবাগের পাঁচ তলা ভবনের নিচতলায় একটি মেসে অভিযান চালায় ডিবি। অভিযানের সময় ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। চাপাতির কোপে গুরুতর আহত হন ডিবির পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী। পরে মেসের বাসিন্দারা সেখান থেকে পালিয়ে গেলেও সাতারকুল এলাকার অন্য একটি স্থান থেকে শাহ আলম ওরফে সালাউদ্দিন ওরফে হিরণ ও জামাল হোসেন ওরফে কামাল নামে দুজনকে আটক করে ডিবি। ডিবির দাবি, এই দুজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

এদের কাছ থেকে তথ্য নিয়ে গতকাল শনিবার মোহাম্মদপুর, আশকোনা ও টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে বোমা, বোমা তৈরির সরঞ্জাম, ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে ২০টি বোমা ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম, আশকোনা ও টঙ্গী থেকে গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া সাতারকুল থেকেও চাপাতি ও গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে ১৯টি বোমা নিষ্ক্রিয় করা হয়। উদ্ধার করা পাঁচ কেজি ওজনের একটি বোমা তুরাগ নদে নিষ্ক্রিয় করা হয়।

আটক দুজন ডিবি হেফাজতে রয়েছেন বলে জানান বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল। তিনি প্রথম আলোকে বলেন, ডিবির অভিযানে বাড্ডায় আনসারুল্লাহর দুই সদস্য আটক হয়েছে। বাড্ডা থানায় এখন পর্যন্ত (রোববার বেলা একটা) কোনো মামলা হয়নি। তবে ওই বাসার সামনে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বাড্ডার মতো নবোদয় হাউজিংয়ের বি-ব্লকের ২৮ নম্বর বাড়িটির সামনেও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দিন মীর।

এসব স্থানে ডিবির কর্মকর্তারা তদন্ত করছেন বলে জানা গেছে। আজ রোববার যেকোনো সময় মামলা হতে পারে। ডিবির সূত্রে জানা গেছে, মামলা হলে দুই আসামিকে ১০ দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদের আবেদন করে আজই আদালতে পাঠানো হবে।

ডিবির অতিরিক্ত উপকমিশনার রাজীব আল মাসুদ প্রথম আলোকে বলেন, শুক্র ও শনিবারের এসব ঘটনায় এখনো পর্যন্ত তদন্ত চলছে। প্রথমিক তদন্ত শেষ হলে দুটি মামলা হতে পারে। আটক শাহ আলম ও জামালের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি এবং ডিবির কর্মকর্তার ওপর আক্রমণের ঘটনায় এসব মামলা হবে। এ ছাড়া অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হতে পারে।

মোহাম্মদপুরের যে ফ্ল্যাট থেকে বোমা উদ্ধার করা হয়, সেই ফ্ল্যাটটি বোমা তৈরির কারখানা হিসেবে ব্যবহার করে আসছিল আনসারুল্লাহ বাংলা টিম‍—এ তথ্য জানিয়ে রাজীব আল মাসুদ বলেন, এসব ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত আছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে এ ব্যাপারে আরও তথ্য পাওয়া যাবে।