চট্টগ্রাম বন্দরে কোকেন জব্দের মামলা
ডিবির তদন্ত ত্রুটিপূর্ণ, র্যাবকে অধিকতর তদন্তের নির্দেশ
চট্টগ্রাম বন্দরে কোকেন জব্দের ঘটনায় গোয়েন্দা পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ না করে র্যাবকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এই নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপারের নিচে নন এমন কোনো কর্মকর্তাকে দিয়ে মামলাটি তদন্তের জন্য র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ককে নির্দেশ দিয়েছেন বিচারক।
চোরাচালান আইনে গত ১৪ মে আটজনকে আসামি করে আদালতে চোরাচালান আইনে অভিযোগপত্র দেয় চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগপত্রে মামলার এজাহারভুক্ত আসামি এবং চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদকে অব্যাহতির সুপারিশ করা হয়। এই তদন্ত ত্রুটিপূর্ণ উল্লেখ করে গত ৯ আগস্ট আদালতে নারাজি আবেদন করে রাষ্ট্রপক্ষ।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, চোরাচালান আইনে পুলিশের দেওয়া অভিযোগপত্রটি র্যাবের করা তদন্তের (মাদক আইনে) সঙ্গে সাংঘর্ষিক। তদন্ত ত্রুটিপূর্ণ জানিয়ে আদালতে নারাজি আবেদন করা হয়েছিল। এজাহারে থাকা আসামি নূর মোহাম্মদকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে পুলিশ। অথচ একই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাবের দেওয়া অভিযোগপত্রে নূর মোহাম্মদকে আসামি করা হয়। রাষ্ট্রপক্ষের দেওয়া নারাজি আবেদনটি গ্রহণ করে আদালত র্যাবকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন।
২০১৫ সালের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এরপর ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। বলিভিয়া থেকে আসা চালানটির প্রতিটি ড্রামে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল ছিল। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত হয়। কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় ২০১৫ সালের ২৭ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
কোকেন জব্দের ঘটনায় মাদক আইনে ২০১৫ সালের নভেম্বর মাসে নূর মোহাম্মদকে বাদ দিয়ে আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। চট্টগ্রাম নগর ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামানের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ না করে র্যাবকে দিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। কিন্তু দুজন আসামির নাম যুক্ত করা ছাড়া (নূর মোহাম্মদ ও তাঁর ভাই মোস্তাক আহমেদ) র্যাবের তদন্তেও চালানটির গন্তব্য বের করা সম্ভব হয়নি। র্যাব চলতি বছরের ৩ এপ্রিল অভিযোগপত্র জমা দেয়। আদালত এটি গ্রহণ করেন। বর্তমানে আদালতে মাদক আইনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের অপেক্ষায় রয়েছে।