ডিবির তিন পরিদর্শক হাসপাতাল ছাড়লেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের (এনএসআই) কর্মকর্তাদের হাতে আটকের পর আহত ডিবির তিন পরিদর্শককে গতকাল শনিবার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে চোখে আঘাত পাওয়া কর্মকর্তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়েছে। গত ৬ অক্টোবর রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের সামনে কথিত প্রতারক জুয়েলের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এনএসআইয়ের একটি দল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন পরিদর্শককে আটক করে তাঁদের মারধর করে বলে অভিযোগ রয়েছে। পরে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। ওই দিন রাতে আহত তিন পরিদর্শক মো. শফিউদ্দিন শেখ, মো. রুহুল আমিন ও মো. গিয়াসউদ্দিনকে পুলিশের কেন্দ্রীয় রাজারবাগ হাসপাতালে ভর্তি করা হয়।গত শুক্রবার বিকেলে আহত ডিবির তিন পরিদর্শককে হাসপাতালে দেখতে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, এনএসআইয়ের মহাপরিচালক (ডিজি) মঞ্জুর আহমেদ ও মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। তাঁরা তিন পরিদর্শকের কাছ থেকে সেদিনের ঘটনা শোনেন এবং তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মীর শহীদুল ইসলাম ও ডিবির উপকমিশনার (দক্ষিণ) মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।