ডিবির দুই এসআইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে রবি মিয়া নামের এক রিকশাচালকের পরিবারের ওপর নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের আইজি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন রবি মিয়া।
অভিযোগে বলা হয়, রবি মিয়া একসময় ফতুল্লার মাসদাইর এলাকায় সবজির ব্যবসা করতেন। এক বছর আগে তিনি দুটি ব্যাটারিচালিত রিকশা কেনেন। একটি অটোরিকশা তিনি নিজে চালান। অন্যটি ভাড়া দিয়েছেন। এক মাস আগে তাঁর বাড়িতে ঢুকে কাউকে কিছু না বলে ঘরের আসবাব তছনছ করেন ডিবির দুই এসআই সেলিম মিয়া ও মাজহার হোসেন। এরপর তাঁকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন দুই এসআই। টাকা না দিলে ঘরে মাদক রেখে তাঁকে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেন দুই এসআই। বিষয়টি তিনি (রবি) এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান। এতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার রাত ১২টায় দুই এসআই রবির বাড়িতে গিয়ে দাবিকৃত টাকা চান। টাকা না দেওয়ায় দুই এসআই তাঁর ভাগনে শান্তকে (১২) চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যান। এরপর শান্তকে ছাড়িয়ে নিতে ৫০ হাজার টাকা নিয়ে তাঁকে দেখা করতে বলেন দুই এসআই।
রবি মিয়া বলেন, ‘পরে ঘটনাটি আমি এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আসলাম মিয়াকে জানাই। পরে আসলাম মিয়া ফোন করলে এসআই মাজহার ও সেলিম মিয়া আমাকে পঞ্চবটী যেতে বলেন। সেখানে গিয়ে ডিবির গাড়িতে শান্তকে মুখ বাঁধা অবস্থায় পাই। পরে দুই এসআইকে ১৫ হাজার টাকা দিয়ে শান্তকে ছাড়িয়ে আনি। পরদিন রোববার রাত ১২টায় ফের দুই এসআই আমার বাড়িতে এসে আমাকে না পেয়ে ঘরের আসবাবপত্র ছড়িয়ে-ছিটিয়ে ৩৫ হাজার টাকা নিয়ে যান। এ সময় আমার স্ত্রী প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয়।’
আসলাম মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি রবি মিয়ার সঙ্গে ওই বিষয়ে কথা বলার সত্যতা নিশ্চিত করেছেন।
রবি মিয়ার মা জমিলা বেগম বলেন, ‘ডিবি পুলিশের উৎপাতে পরিবারের সবাইকে নিয়ে আতঙ্কে আছি। তাদের কথাবার্তায় মনে হয়, নারায়ণগঞ্জে কোনো নিরাপত্তা নেই।’
যোগাযোগ করলে ডিবির এসআই মাজহার ও সেলিম মিয়া অভিযোগ অস্বীকার করেন। দুজনই বলেন, অভিযোগের সবই মিথ্যা ও বানোয়াট।