দুই আসামিকে ধরে শারীরিকভাবে নির্যাতন ও গুরুতর জখম করায় মেহেরপুর ডিবি পুলিশের নয় সদস্য সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। মেহেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মতিয়ার রহমান গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
আদেশে আদালত উল্লেখ করেন, ‘সার্বিক পর্যালোচনায় হেফাজতে থাকাকালীন আসামিকে পুলিশের অন্যায়ভাবে শারীরিক নির্যাতন ও আঘাতের বিষয়টি স্পষ্ট হয়েছে, যা প্যানেল কোডের ৩৩০, ৩৩১ ও পুলিশ আইন ১৮৬১ এর ২৯ (৭) ধারামতে জামিন অযোগ্য ও শাস্তিযোগ্য অপরাধ। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। পুলিশ হেফাজতে আসামিকে আঘাত, জখম ও নির্যাতন কোনোক্রমেই কাম্য নয়, যা একাধারে কর্তব্যকাজে বিশ্বাসঘাতকতা ও আইনানুগভাবে প্রাপ্ত রাষ্ট্রীয় দায়িত্ব ও ক্ষমতার সম্পূর্ণ অপব্যবহারের শামিল।’
আদালত পুলিশ হেফাজতে আসামিকে আঘাত ও নির্যাতনের ওই ঘটনা তদন্ত করে সিআইডি মেহেরপুরকে ২৪ এপ্রিল প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেন। একই সঙ্গে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজি), পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) খুলনা রেঞ্জকে আদেশের অনুলিপি পাঠিয়েছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন মেহেরপুর ডিবি পুলিশের এসআই বাবুল আক্তার, এএসআই মো. আবদুল হান্নান, কনস্টেবল আমিরুল, আলফাজ, জিল্লুর, মনির, নারোদ কুমার, শফিকুল ও নাজিমুদ্দিন।
গাংনী থানার জিআর ১৪/১৪ (অস্ত্র আইনে) মামলার ওই আদেশে আদালত উল্লেখ করেন, আসামি শরিফুল ইসলাম ও সিরাজুল ইসলামকে চিকিৎসার অনুমতির জন্য ২ এপ্রিল জেলখানা থেকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামিরা আদালতকে বলেন, ‘ডিবি পুলিশের ওই সদস্যরা তাঁদের আটকের পর ডিবি অফিসে চোখ ও পা বেঁধে লাঠি দিয়ে বেদম পেটাতে থাকেন। পায়ের পাতায় সীমাহীন আঘাত ও নির্যাতন করেন। আঘাতে বাঁ কাঁধ, দুই পা, দুই হাঁটু, ডান পায়ের বুড়ো আঙুল ও পায়ের পাতা ক্ষতিগ্রস্ত হয়।’ এ বিষয়ে পুলিশ ৩ এপ্রিল আদালতে জানায়, পুলিশ হেফাজতে নির্যাতন নয়, গ্রেপ্তারের পর হোঁচট খেয়ে পড়ে গিয়ে আসামিরা আঘাত পেয়েছে।
আদালত বিষয়টি নিশ্চিত হতে ৩ এপ্রিল আসামিদের ডাক্তারি পরীক্ষার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালকে নির্দেশ দেন। ৬ এপ্রিল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আবুল কাশেম প্রতিবেদনে উল্লেখ করেন, আসামিদের শরীরের চারটি অংশে বড় বড় ক্ষত ও গুরুতর আঘাতের দাগ—ভোঁতা কোনো বস্তুর মাধ্যমে করা হয়েছে।
গতকাল আদালত ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন, পুলিশের জিডি ও জেল কর্তৃপক্ষের দাখিল করা চিকিৎসার নথি পর্যবেক্ষণ শেষে ওই নয় পুলিশের বিরুদ্ধে এই আদেশ দেন।