রাজধানীর রামপুরায় চোরাচালানের সোনার বার পুলিশের আত্মসাতের ঘটনায় তদন্তের প্রয়োজনে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) নয় সদস্যকে গতকাল সোমবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বেলা দুইটা থেকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক যতন কুমার রায়।
দুদক সূত্র জানায়, সোনার বার আত্মসাতের ঘটনা ফাঁস হওয়ার পরপরই তদন্তে নামে দুদক। এ ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পুলিশের এক সহকারী কমিশনারসহ (এসি) একাধিক কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ আসে দুদকে। গত রোববার ও গতকাল এ দুই দিনে ডিবির মোট ২৮ জনকে জিজ্ঞাসাবাদে উপস্থিত হতে দুদক চিঠি দিলেও রোববারে কেউ আসেননি। গতকাল আসেন ডিবির উপপরিদর্শক (এসআই) আনিসুল ইসলাম, মিজানুর রহমান, নজরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল মাহমুদ এবং কনস্টেবল সাইদুল হক, ইকবাল হোসেন, লোকমান হোসেন, রবিউল ইসলাম ও গোলাম সরওয়ার।
গত ১৩ মার্চ রামপুরা থানার এসআই মঞ্জুরুল, কনস্টেবল আকাশ ও ওয়াহেদুল একটি গাড়িকে ধাওয়া করেন। বনশ্রীতে আরোহীরা গাড়ি রেখে পালিয়ে গেলে পুলিশ সেটি জব্দ করে। পরে সমীর ও জাহিদ হোসেন গাড়ি ছাড়াতে রামপুরা থানায় গেলে গাড়িতে সোনার বার থাকার বিষয়টি প্রকাশ পায় এবং তাঁদের দেখানো মতে ৭০টি বার উদ্ধার করা হয়। কিন্তু তাঁরা গাড়িতে ২৩৫টি সোনার বার থাকার দাবি করলে বাকি বারগুলো পুলিশের আত্মসাতের ঘটনা ফাঁস হয়। পরে অভিযুক্ত পুলিশ সদস্যদের আটক এবং তাঁদের তথ্যের ভিত্তিতে ১৪৯টি সোনার বার উদ্ধার করা হয়।