ডিবির বিরুদ্ধে 'বন্দুকযুদ্ধ' সাজিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানার দনিয়া এলাকার মেজবাহ উদ্দিন ওরফে তারেককে ‘পিটিয়ে হত্যার’ পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ‘বন্দুকযুদ্ধের নাটক’ সাজিয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। অভিযোগ অস্বীকার করেছে ডিবি।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মেজবাহর বাবা আবু জাফর এ অভিযোগ করেন।
রাজধানীর মুগদা থানা এলাকায় গত ১৪ সেপ্টেম্বর সকালে ডিবির সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মেজবাহ (২৪) নিহত হন।
প্রথম থেকেই পরিবার অভিযোগ করে আসছে, বাসা থেকে ধরে নিয়ে ডিবির একটি দল মেজবাহকে হত্যা করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেজবাহর বাবা আবু জাফর দাবি করেন, দনিয়া এলাকায় তাঁর বাসার পাশে নিজেদের মালিকানাধীন দেড় কাঠা জমি আছে। ওই জমির পাশে পুলিশের এক নারী কর্মকর্তার সাড়ে পাঁচ কাঠা জমি আছে। পুলিশের ওই নারী কর্মকর্তা ও তাঁর স্বামী দীর্ঘদিন ধরে তাঁর (আবু জাফর) দেড় কাঠা জমি বিক্রির জন্য চাপ দিয়ে আসছেন। জমি বিক্রি করতে রাজি না হওয়ায় ওই পুলিশ কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে ডিবিকে দিয়ে মেজবাহকে হত্যা করেছেন।
আবু জাফর দাবি করেন, ওই পুলিশ কর্মকর্তাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করতে কদমতলী থানায় গিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর মামলা নেওয়া হয়নি। পরে নিম্নআদালতে যান তিনি। ১৬ অক্টোবর আদালত এ বিষয়ে শুনানি করবেন।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপকমিশনার (ডিসি-উত্তর) শেখ নাজমুল আলম এসব অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনার দিন রাতে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নিহত যুবকের নাম তারেক মাসুদ। তিনি অবৈধ অস্ত্র ব্যবসায়ী। তাঁর কাছ থেকে একটি পিস্তল, নয়টি গুলি, সাতটি গুলির খোসা, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হন।
তবে তারেকের বিরুদ্ধে কোনো মামলা বা সাধারণ ডায়েরি ছিল কি না, এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি ডিবি ও কদমতলী থানার পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে অবৈধ অস্ত্র ব্যবসার অভিযোগে তারেককে কদমতলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, কদমতলী ও মাতুয়াইল এলাকার সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী চান্দি সুমন ও কিলার শামিম গ্রুপের সক্রিয় সদস্য তিনি। দলের সদস্যদের কাছে অবৈধ অস্ত্র আছে—তাঁর এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ডিবি। একপর্যায়ে তারেক জানান, ভোরে মুগদার মান্ডা এলাকার গ্রিন মডেল টাউনসংলগ্ন বালুর মাঠে তাঁর চারজন সহযোগী এক হবে। ডিবির দল সকাল সাতটার দিকে ওই মাঠে অবস্থান নেয়। শনাক্ত করার সুবিধার্থে তারেককে তাঁর সহযোগীদের সঙ্গে এক হওয়ার কথা বলা হয়। কিন্তু তারেক সেখানে গিয়ে মুহূর্তের মধ্যে এক সহযোগীর কাছ থেকে অস্ত্র নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকেন। অন্য সহযোগীরাও গুলি ছুড়তে থাকেন। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে অপরাধীরা পালিয়ে যায়। পরে তারেককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে মুগদা থানার পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, তারেকের মুখের ডান পাশে ও বুকে ছিদ্র ছিল। সারা শরীরে ছিল আঘাতের চিহ্ন। রাত আটটা পর্যন্ত মর্গে অজ্ঞাতনামা হিসেবেই লাশ পড়ে ছিল। পরে স্বজনেরা মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন।
১৪ সেপ্টেম্বর মেজবাহর বাবা আবু জাফর মর্গে সাংবাদিকদের জানান, তাঁদের বাসা কদমতলী থানার দনিয়ায়। তিন ছেলের মধ্যে মেজবাহ বড়। গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়।
ওই সময় আবু জাফর বলেন, ১৩ সেপ্টেম্বর ভোর চারটার দিকে ডিবির একটি দল বাসায় ঢুকে মেজবাহকে আটক করে। ‘অভিযোগ আছে’ বলে তাঁকে বাসার বাইরে নিয়ে বেদম মারধর করে তারা। এরপর গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। অভিযোগের বিষয়ে জানতে ১৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে তিনি (আবু জাফর) রাজধানীর মিন্টো রোডে ডিবির কার্যালয়ে গেলেও ঢুকতে দেওয়া হয়নি। বিকেল পাঁচটা পর্যন্ত ডিবির কার্যালয়ের প্রধান ফটকের সামনে অপেক্ষায় ছিলেন। বিকেল পাঁচটার দিকে এক পুলিশ সদস্য কদমতলী থানায় যোগাযোগ করতে বলেন। কদমতলী থানার খবর পেয়ে তিনি মর্গে গিয়ে দেখেন, লাশ হয়ে শুয়ে আছেন ছেলে মেজবাহ।
আবু জাফর বলেন, উচ্চ মাধ্যমিক পাস করে এক বছর ওষুধ কোম্পানিতে চাকরি করেছেন মেজবাহ। এরপর আদমজীতে ইপিজেডে চাকরি করেন দুই বছর। গত মাসে চাকরি ছেড়ে দিয়ে শিক্ষার্থী ভিসায় মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। কোরবানির ঈদের আগে মালয়েশিয়া চলে যাওয়ার কথা ছিল তাঁর।
আবু জাফর বলেন, তাঁর ছেলের বিরুদ্ধে কোনো মামলা বা জিডি পর্যন্ত নেই।
ঘটনার পর কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম দাবি করেন, ‘মেজবাহ উঠতি সন্ত্রাসী। হয়তো ডিবির তালিকায় তাঁর নাম উঠে গেছে।’