ডিবির সঙ্গে 'গোলাগুলি' যুবক নিহত
রাজধানীর রমনা এলাকায় গত শনিবার রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলের সঙ্গে ছিনতাইকারীদের ‘গোলাগুলি’তে এক যুবক নিহত হয়েছেন। ডিবির দাবি, নিহত যুবক গাড়ি ছিনতাইকারী চক্রের সদস্য। ঘটনাস্থল থেকে একটি এলিয়ন গাড়ি, একটি পিস্তল, একটি চাপাতি ও তিনটি ভুয়া নম্বরপ্লেট উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্র জানিয়েছে, নিহতের নাম রাজু। বয়স ৩০-এর মতো, বাড়ি বরগুনায়। গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহতের কোনো স্বজন লাশ শনাক্ত করতে আসেননি। ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্যেষ্ঠ সহকারী কমিশনার আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল মাদক উদ্ধারে অভিযানের সময় জানতে পারে একটি গাড়িতে করে বিভিন্ন জায়গায় ছিনতাই করা হচ্ছে। রাত পৌনে চারটার দিকে গাড়িটিকে ধরার জন্য রমনা পার্কসংলগ্ন সড়ক ভবনের বিপরীতে দুটি মাইক্রোবাস দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এ সময় ছিনতাইকারীরা পুলিশের দিকে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে। ডিবি সদস্যরাও পাল্টা গুলি করেন। দুই ছিনতাইকারী গুলি ছুড়তে ছুড়তে রমনা পার্কের দেয়াল টপকে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়ির ভেতর থেকে একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।