ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোররাতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরিফ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। ডিবি পুলিশের দাবি, আরিফ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।ডিবি সূত্র জানায়, মগবাজারসংলগ্ন হাতিরঝিলের আমবাগান এলাকায় একদল যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এ খবরের ভিত্তিতে গতকাল ভোররাত চারটার দিকে সহকারী কমিশনার আসাদুজ্জামানের নেতৃত্বে ডিবির দুটি দল সেখানে যায়। এ সময় একদল যুবক সন্দেহজনক ঘোরাফেরা করছিল। ডিবি পুলিশ এগিয়ে গেলে যুবকেরা গুলি ছুড়তে ছুড়তে পালাতে থাকে। ডিবি পুলিশ গাড়িতে করে পিছু ধাওয়া করে পাল্টা গুলি করে। দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের একপর্যায়ে যুবকেরা পালিয়ে যান। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে রমনা থানার পুলিশ ভোর পৌনে পাঁচটার দিকে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ডিবি পুলিশ বিভিন্ন সূত্রে তাঁর নাম আরিফ বলে নিশ্চিত হয়।রমনা থানার ওসি শাহ আলম জানান, আরিফের মাথা, কান, গলা ও বুকে চারটি গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।ডিবির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন বলেন, আরিফ ওরফে বরিশাইল্যা আরিফ সংঘবদ্ধ ডাকাত দলের নেতা সুলতান ওরফে ইমু গ্রুপের সদস্য। গতকাল রাত পর্যন্ত তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা থাকার খবর পাওয়া গেছে।