ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ট্রাইব্যুনালের বিচারক জালাল উদ্দিন গতকাল রোববার এ আদেশ দেন।
গত ৩ নভেম্বর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ২৫ নভেম্বর উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জন্য তিনি জামিন নেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল ছিল জাহাঙ্গীর আলমের জামিনের শেষ দিন। তিনি দুপুরে আদালতে হাজির হয়ে পুনরায় জামিন চান। বিচারক তাঁকে কারাগারে পাঠান।
মামলা ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় গত বছরের ১৬ জুলাই এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। আদালত মামলার অভিযোগ তদন্তের জন্য প্রথমে র্যাবকে নির্দেশ দেন। পরে জেলার মুখ্য বিচারিক হাকিম সফিউল আজম এর বিচার বিভাগীয় তদন্ত করেন। তরুণীর মা জানান, জাহাঙ্গীর গত বছরের ৯ জুলাই তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা চালান।