ডিবির সেই পরিদর্শকদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তিন পরিদর্শকের সাময়িক বরখাস্তের আদেশ গতকাল মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন মো. রুহুল আমিন, মো. শফিউদ্দিন শেখ ও মো. গিয়াসউদ্দিন।রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের সামনে ৬ অক্টোবর জহিরুল ইসলাম ওরফে জুয়েল নামের এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এনএসআইয়ের একটি দল ডিবির এই তিন পরিদর্শককে আটক করে। ওই দিনই তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। আটকের পর আহত ওই তিনজনকে রাজারবাগে পুলিশের কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনজনকেই শনিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত শফিউদ্দিন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। জহিরুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় আটটি মামলা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, শীর্ষস্থানীয় কর্মকর্তারা গতকাল ডিবির ওই তিন পরিদর্শকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তাঁরা এখন ডিবিতেই কাজ করবেন।পুলিশ সূত্র জানায়, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের (এনএসআই) মহাপরিচালক মঞ্জুর আহমেদ ও ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ শুক্রবার বিকেলে রাজারবাগ হাসপাতালে চিকিৎসাধীন ওই তিন পরিদর্শককে দেখতে যান। ওই ঘটনার জন্য তাঁরা দুঃখ প্রকাশ করেন এবং কর্মকর্তাদের প্রতি সহানুভূতি জানান। এরপর মানবিক কারণে তাঁদের সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগকারী জহিরুলের বিরুদ্ধে বাড্ডা থানায় প্রতারণার মামলা হলেও আট দিনেও তিনি গ্রেপ্তার হননি।