সিলেটের জৈন্তাপুরের ডিবির হাওর সীমান্তে অপদখলীয় ভূখণ্ড ভাগের সিদ্ধান্তকে দেশবিরোধী ও ১৯৭৪ সালে সম্পাদিত দুই দেশের যৌথ স্থলসীমান্ত চুক্তির লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী। তাঁর ওই বিবৃতি গতকাল মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমের কার্যালয়ে পাঠানো হয়। বিবৃতিতে শমসের মবিন চৌধুরী বলেন, সিলেটের জৈন্তাপুরের ডিবির হাওর নামে অপদখলীয় এলাকা ১৯৭৪ সালের বাংলাদেশ-ভারত চুক্তি অনুযায়ী বাংলাদেশের হওয়ার কথা। কিন্তু বিজিবি ও বিএসএফ এই ভূমি বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এতে সীমান্ত চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন করা হচ্ছে। ডিবির হাওরে মাছ ধরা ও গরু চরানো নিয়ে বাংলাদেশ ও ভারতীয় জনগণের মধ্যে বিরোধ চলতে থাকায় ২৩ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অধিনায়ক পর্যায়ে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ডিবির হাওরের প্রায় ৫৩ একর জায়গা অপদখলীয় হওয়ায় চূড়ান্তভাবে নিষ্পত্তির আগ পর্যন্ত দুই দেশের জনগণ তা সমভাবে ভোগ করবে।