ডিবির হাওরে মাছ ধরতে ফের বিএসএফের বাধা
সিলেটের জৈন্তাপুরের সীমান্তবর্তী ডিবির হাওরে মাছ ধরতে ফের বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশিরা ডিবির হাওরের বাংলাদেশ অভ্যন্তরে মাছ ধরতে নামলে তাঁদের জাল কেড়ে নেওয়া হয়। এ সময় বিএসএফ কয়েকটি ফাঁকা গুলিও ছোড়ে। গ্রামবাসীর অভিযোগ, তাঁদের তাড়িয়ে দিয়ে বিএসএফের সহযোগিতায় ভারতীয় খাসিয়ারা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে মাছ ধরে নিয়ে গেছে।গ্রামবাসী সূত্র জানায়, জৈন্তাপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের ১২৮৪ নম্বর পিলারসংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরে ডিবির হাওরের অবস্থান। শুষ্ক মৌসুমের শুরু থেকে গ্রামবাসী ডিবির হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার বেলা একটার দিকে গ্রামবাসী মাছ ধরতে নামলে বিএসএফ বাধা দেয়। এ বাধা না মানলে বিএসএফ বাংলাদেশের প্রায় ৪০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে মাছ ধরার জাল ছিনিয়ে নিয়ে যায়। এরপর কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। ভয়ে ডিবির হাওর ত্যাগ করেন গ্রামবাসী। ডিবির হাওর থেকে মাছ না ধরে বাড়ি ফেরা কয়েকজন গ্রামবাসী স্থানীয় সাংবাদিকদের জানান, তাঁদের তাড়িয়ে দিয়ে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। ঘণ্টা খানেক তাদের অবস্থানকালে ভারতীয় খাসিয়ারা ডিবির হাওর থেকে মাছ ধরে নিয়ে যায়। এ সময় গ্রামবাসীর ছিনিয়ে নেওয়া জাল ফিরিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় ফাঁড়িকে অবহিত করা হয়। তবে কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তাঁরা। যোগাযোগ করা হলে ডিবির হাওরে ৫ বর্ডার গার্ড বাংলাদেশের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শফিকুর রহমান বলেন, এ ব্যাপারে গ্রামবাসী বিজিবিকে কিছু জানায়নি। তবে মাছ ধরতে নেমে তাড়া খেয়ে ফিরে যাওয়ার ঘটনা দেখে বিজিবি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে এবং এ ব্যাপারে বিএসএফের কাছে চিঠির মাধ্যমে জানতে চাওয়া হয়েছে। ২০১০ সালে শুষ্ক মৌসুমে জৈন্তাপুরের ডিবির হাওরে বাংলাদেশিদের মাছ ধরতে বিএসএফ একাধিকবার বাধা দেয়। এ নিয়ে ওই বছর কয়েক দফা সংঘর্ষ হয়। তখন বিজিবির পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ডিবির হাওরে মাছ ধরার পরিবেশ সৃষ্টি করেন।