ডিবির হাওরে মাছ ধরা দুই দিনের জন্য নিষেধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর সীমান্তের ডিবির হাওরে বাংলাদেশ ও ভারতীয় জেলে-কৃষকদের মাছ ধরা এবং গরু চরানো নিষেধ করা হয়েছে। গতকাল শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ক্যাম্প পর্যায়ে বৈঠক থেকে আগামী রোববার পর্যন্ত এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই দিন বিজিবি-বিএসএফ উচ্চপর্যায়ের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে বিজিবি সূত্র জানিয়েছে। বিজিবি সূত্র জানায়, শুষ্ক মৌসুমে মাছ ধরা ও গরু চরানো নিয়ে ডিবির হাওর এলাকায় বাংলাদেশ ও ভারতীয় জেলে-কৃষকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া চলছিল। ১৩ ডিসেম্বর গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এ অবস্থায় বিজিবির ডিবির হাওর ক্যাম্প বিএসএফের সঙ্গে ক্যাম্প পর্যায়ে গতকাল বৈঠক আহ্বান করে। ডিবির হাওরে ১২৮৫ সীমান্ত পিলারের কাছে সকাল ১০টায় বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষে কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন ও বিএসএফের মেঘালয় রাজ্যের জৈন্তাহিলের মুক্তাপুর ১০৮ কোম্পানি কমান্ডার পঙ্কজ দেব নেতৃত্ব দেন। বৈঠক সূত্র জানায়, ডিবির হাওরের ৫০০ গজ এলাকা বিরোধপূর্ণ আখ্যায়িত করে মাছ ধরা ও গরু চরানোর ক্ষেত্রে সমঝোতায় উভয় পক্ষ সম্মত হলে আগামী রোববার উচ্চপর্যায়ে আরেকটি বৈঠক আহ্বান করা হয়। ওই বৈঠক পর্যন্ত ডিবির হাওরে উভয় পক্ষের মাছ ধরা ও গরু চরানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিজিবি কোম্পানি কামান্ডার আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, উচ্চপর্যায়ে আলাপ-আলোচনার জন্য রোববার বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্ত পর্যন্ত ডিবির হাওরে উভয় দেশের কেউ মাছ ধরতে ও গরু চরাতে যাবে না বলে সিদ্ধান্ত হয়।