বাংলাদেশ-ভারত সীমান্তের ডিবির হাওরে মাছ ধরা থেকে বাংলাদেশ ও ভারতীয় জনসাধারণকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। গত সোমবার সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওরপারে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।সীমান্ত এলাকার বাসিন্দা ও বিজিবি সূত্র জানায়, জৈন্তাপুর উপজেলাসহ পার্শ্ববর্তী আরও তিন উপজেলায় বিস্তৃত সীমান্তের ডিবির হাওর। এ হাওরে মাছ ধরা নিয়ে প্রতিবছর শুষ্ক মৌসুমে সীমান্তের ওপারে ভারতীয়দের সঙ্গে বাংলাদেশিদের উত্তেজনা দেখা দেয়। ২৪ ডিসেম্বর সীমান্তের ১২৮৪ নম্বর পিলারের ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে স্থানীয় লোকজন মাছ ধরতে গেলে বিএসএফ বাধা দেয়। এলাকাবাসী তখন গত বছর ওই একই স্থানে বিনা বাধায় মাছ ধরার বিষয়টি বিজিবির স্থানীয় ক্যাম্পকে জানিয়ে প্রতিকার চায়। শুষ্ক মৌসুমের শুরুতে জৈন্তাপুর এলাকায় ডিবির হাওরে মাছ ধরা নিয়ে উত্তপ্ত অবস্থা দেখা দেওয়ায় বিজিবি পতাকা বৈঠকের প্রস্তাব পাঠায় বিএসএফের কাছে। গত সোমবার বিকেলে পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে ভারতের মুক্তাপুর ক্যাম্প কমান্ডার রাম কিষানের নেতৃত্বে ১৫ সদস্যের দল উপস্থিত ছিল। বিজিবির পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ডিবির হাওর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম। বৈঠক শেষে নজরুল ইসলাম বলেন, ‘ভারতীয় সীমান্তবাসীরা বিএসএফের মাধ্যমে ডিবির হাওর ক্যাম্পের সীমানা পর্যন্ত দাবি করছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিরোধপূর্ণ হাওরের ভূমি নিয়ে উচ্চপর্যায়ে সমাধানের কথা বলা হয়। সমাধান না হওয়া পর্যন্ত হাওরে মাছ না ধরতে উভয় পক্ষ সম্মত হয়েছি।’ পতাকা বৈঠকের সিদ্ধান্ত ডিবির হাওর এলাকার বাসিন্দারা মেনে নিয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা সুলেমান মিয়া, আবদুল মালেক ও ইসমাইল মিয়া জানান, গত বছর যেখানে স্থানীয়রা নির্বিঘ্নে মাছ ধরেছে, এবার সেখানে বাধা দেওয়ায় এলাকাবাসী অনেকেই মনঃক্ষুণ্ন হয়েছে। এর পরও উভয় পক্ষের সিদ্ধান্ত তাঁরা মেনে নিয়েছেন। তবে এই নিয়ে বিরোধের দ্রুত সমাধান দাবি করেন তাঁরা।