ডিবির হাওরে ৫৩ একর ভূমি সমভাবে ভোগ করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুরের সীমান্তবর্তী ডিবির হাওরের বিরোধপূর্ণ ৫৩ একর এলাকা বাংলাদেশ-ভারত সমভাবে ভোগ করবে বলে সিদ্ধান্ত হয়েছে। গতকাল রোববার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অধিনায়ক পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। জৈন্তাপুরের ডিবির হাওরে মাছ ধরতে ও গরু চরাতে গিয়ে বাংলাদেশিরা ভারতীয়দের বাধার মুখে পড়েন। এ নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গতকাল বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে বৈঠক হয়। ১২৮৫-এস-১ নম্বর সীমান্ত পিলারের পাশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে ৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম এবং বিএসএফের পক্ষে ১০৮ বিএসএফের অধিনায়ক দেবেন্দ্র বিসটু নেতৃত্ব দেন। বৈঠকে বিজিবি ও বিএসএফের কোম্পানি পর্যায়ের কর্মকর্তা ও ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ৫ বিজিবির অধিনায়ক উপস্থিত সাংবাদিক ও এলাকাবাসীকে বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ ব্রিফিং করেন। তিনি জানান, ২০১০ সালে উভয় দেশের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ডিবির হাওর এলাকায় ৫৩ দশমিক ৩০ একর ভূমি বিরোধপূর্ণ। সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে উভয় পক্ষ বিলটি সমভাবে ভোগ করবে বলে সিদ্ধান্ত হয়। আগামী মার্চ মাসের মধ্যে উভয় দেশের উচ্চপর্যায়ের একটি বৈঠকে বিরোধ চূড়ান্তভাবে নিষ্পত্তি করার সিদ্ধান্ত হয়।তবে বিজিবি-বিএসএফের বৈঠকের সিদ্ধান্তে সীমান্ত এলাকার বাসিন্দা বাংলাদেশিরা ক্ষোভ প্রকাশ করেছেন। জৈন্তাপুরের ডিবির হাওর এলাকার আবদুল জলিল, চিত্তরঞ্জন, মুক্তিযোদ্ধা সুলেমান মিয়া ক্ষোভের সঙ্গে জানান, বৈঠকের সিদ্ধান্তে বাংলাদেশের কৃষক ও মৎস্যজীবীরা অনেকটা অধিকারহারা হয়েছেন। তাঁরা সীমান্ত পিলার অনুযায়ী উভয় দেশের অবস্থান নিশ্চিত করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানান।