প্রথম জাতীয় ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ইন্টার্ন গবেষণা সম্মেলন আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ভেটেরিনারি শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন বাংলাদেশে এটিই প্রথম বলে জানান আয়োজকেরা।
সম্মেলন উপলক্ষে গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক মো. হাসানুজ্জামান। যুক্তরাষ্ট্রের টাফট্স বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়।
সংবাদ সম্মেলনে আয়োজকেরা বলেন, এই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের দেশব্যাপী বিজ্ঞানভিত্তিক প্রাণিচিকিৎসা ও গবেষণায় উৎসাহিত করা। সম্মেলনে শিক্ষার্থীরা মাঠপর্যায়ের চিকিৎসা ও খামার ব্যবস্থাপনা সমন্বিত বৈজ্ঞানিক প্রবন্ধগুলো মৌখিক ও পোস্টার উপস্থাপন করবেন। এতে মাঠপর্যায়ে প্রাণী চিকিৎসা ও ব্যবস্থাপনা সম্পর্কিত চিত্র ফুটে উঠবে। এর মাধ্যমে সমস্যাগুলো সমাধানের পন্থা উন্মোচন করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গবেষণা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন টাফট্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ভেটেরিনারি মেডিসিনের সহযোগী ডিন অধ্যাপক মো. শওকত আনোয়ার। সম্মেলনে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ, প্রতিষ্ঠাতা উপাচার্য নিতীশ চন্দ্র দেবনাথ, সাবেক উপাচার্য অধ্যাপক আবু সালেহ মাহফুজুল বারী, টাফট্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লুইস ওয়েটমুর।