ডিভির আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি পরিবর্তন
মার্কিন দূতাবাসের কনস্যুলার সেকশন ডাইভারসিটি ভিসার (ডিভি) আবেদন ফি আর ভিসা আবেদনকারীর সাক্ষাৎকারের দিন গ্রহণ করবে না। ২৩ মে থেকে নতুন এই নিয়ম কার্যকর করা হবে। ১৬ মের পর থেকে সব ডিভি ভিসার আবেদন ফি ভিসা আবেদনকারীর সাক্ষাৎকারের আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উত্তর গুলশান শাখায় জমা দিতে হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উত্তর গুলশান শাখার ঠিকানা: ১৮৯, গুলশান এভিনিউ (উত্তর), গুলশান-২, ঢাকা-১২১১। এই শাখায় রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত লেনদেন হয়।ডিভি ভিসার জন্য আবেদনকারীদের মার্কিন দূতাবাসে তাঁদের সাক্ষাৎকারের দিন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ দেখাতে হবে। ডিভি ভিসা আবেদনকারীদের মনে রাখতে হবে, আবেদনে উল্লিখিত প্রত্যেক প্রার্থীকে ভিসা আবেদন ফি জমা দিতে হবে। যদি কোনো আবেদনকারী কয়েক দিন পরও যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন, সে ক্ষেত্রেও সেই আবেদনকারীর জন্য ফি জমা দিতে হবে। সব ডিভি ভিসা আবেদন ফি জমা দেওয়ার পর ফেরতযোগ্য নয়। বিজ্ঞপ্তি।