ডিম আসল না নকল পরীক্ষার নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কয়েক মাস ধরেই মুরগির ‘নকল ডিম’ নিয়ে ফেসবুকে হুলুস্থুল চলছে। কেউ কেউ নকল ডিমের ছবি তুলে তা ফেসবুকে পোস্টও করেছেন। ফেসবুকে আলোচনার কারণে বাজার থেকে ডিম কেনার পর তা আসল না নকল—এ নিয়ে কারও কারও মনে এখন সংশয় দেখা দিচ্ছে। এবার চট্টগ্রামের পটিয়ার পুলিশ ডিম জব্দ করার পর তা আসল না নকল, সেই পরীক্ষার জন্য আদালতের শরণাপন্ন হয়েছে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার পটিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহিদুল ইসলাম জব্দ করা ডিম পরীক্ষার জন্য চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ বিভাগে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পটিয়া থানার পুলিশ জানায়, ‘নকল ডিম’ নিয়ে সন্দেহের সূত্রপাত হয় গত শুক্রবার রাতে। ওই দিন পটিয়া আদালতের এক বিচারক উপজেলা সদরের কামাল বাজারের শাহ আমির পোলট্রি ফার্ম নামের দোকান থেকে এক ডজন ডিম কেনেন। পরে তাঁর বাসায় একটি ডিম ভাজার জন্য ভাঙা হয়। দেখা যায়, ডিমের কুসুম ঘোলা। কিন্তু ডিমে কোনো গন্ধ নেই। পচা হলে গন্ধ থাকত। এভাবে আরও দুটি ডিম ভাঙার পর দেখা যায় কুসুম ঘোলা। ডিমে গন্ধ নেই। সন্দেহ হওয়ায় ডিমের ভাঙা খোসাগুলো গরম তেলে দেওয়া হয়। দেখা যায় খোসা তেলে গলে গেছে। তাৎক্ষণিকভাবে ওই বিচারক বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ওই দোকান থেকে দুই হাজার ডিম জব্দ করে।

এ ঘটনায় পটিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মামুন মোস্তফা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়। তাঁরা হলেন দোকানমালিক মো. আরমান, ডিমের দুই পাইকারি বিক্রেতা মোহাম্মদ বেলাল ও নুরুল আবছার। তাঁদের মধে৵ আরমান ও বেলালকে গ্রেপ্তার করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। নুরুল আবছারকে এখনো ধরতে পারেনি পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, আদালতের আদেশ হাতে পাওয়ার পর জব্দ করা ডিম পরীক্ষার জন্য পাঠানো হবে। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

দেশে নকল ডিমের কথা বিভিন্ন সময়ে শোনা গেলেও এখন পর্যন্ত এর প্রমাণ পাওয়া যায়নি বলে জানান চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন মো. রায়হান ফারুকও। গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, উদ্ধার করা ডিমগুলো পরীক্ষা না করার আগে বলা যাচ্ছে না এগুলো আসল নাকি নকল। পটিয়া থেকে নকল সন্দেহে জব্দ করা ডিমগুলোর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে বিশ্ববিদ্যালয়ের পোলট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে পরীক্ষা করে দেখা যাবে বলে তিনি জানান।

যাঁর দোকানের ডিম জব্দ করা হয়েছে সেই আরমান গ্রেপ্তারের পর নিজেকে নির্দোষ দাবি করেছেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ গতকাল বিকেলে বলেন, আরমান তাঁদের বলেছেন, চকরিয়ার বেলালের কাছ থেকে তিনি ডিম এনেছেন। পরে তাঁরা বেলালকে গ্রেপ্তার করেন। বেলাল বলেছেন, তিনি কক্সবাজারের রামুর নুরুল আবছারের কাছ থেকে ডিম এনে বিক্রি করেন।

ওসি বলেন, এখন আবছারকে ধরা গেলে জানা যাবে ডিমগুলো তিনি কোথা থেকে এনেছেন।

 চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রিয়াজুল হক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ডিমগুলো পরীক্ষার পর বলা যাবে সেগুলো নকল কি না। এর আগেও নকল ডিমের অনেক অভিযোগ পাওয়া গেছে। তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।