ডিম নিয়ে যত বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ কেউ বলেন উচ্চ রক্তচাপের রোগীর ডিম খাওয়া উচিত নয়, কেউ বলেন ডিমে আছে চর্বি। প্রতিদিন ডিম খাওয়া ভালো না মন্দ—এ নিয়ে আছে নানা প্রশ্ন, বিভ্রান্তি।
একসময় বিশেষ করে যাঁদের বয়স একটু বেশি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোক বা হৃদ্রোগে আক্রান্ত বা যাঁদের রক্তে কোলেস্টেরল বা অন্যান্য চর্বির পরিমাণ বেশি, তাঁদের ডিম খেতে নিষেধ বা সম্পূর্ণ বর্জন করতে বলা হতো। অনেকেই আবার ডিমের কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশটুকু খেয়ে থাকেন। কিন্তু এখন বলা হচ্ছে, এত দিনের এসব ধারণা আসলে পুরোপুরি সত্যি নয়, খানিকটা বানোয়াটও। তাই ডিমের গুণগত মান সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ৯ অক্টোবর ২০তম ‘বিশ্ব ডিম দিবস’ পালিত হলো আমাদের দেশেও।
প্রথম কথা হলো—ডিম খেলে রক্তের কোলেস্টেরলের মাত্রা ততটা বৃদ্ধি পায় না, যতটা এত দিন ধারণা করা হতো। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ দৈনিক গড়ে ৩০০ মিলিগ্রাম পর্যন্ত কোলেস্টেরল গ্রহণ করতে পারবেন। আর একটি ডিমে রয়েছে মাত্র ২০০ মিলিগ্রাম কোলেস্টেরল।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এখন তাদের খাদ্যের নির্দেশিকায় ডিম খাওয়াকে নিরুৎসাহিত করছে না। ডিমের সাদা অংশ খেলে সমস্যা তো হবেই না, এমনকি কুসুমসহ সম্পূর্ণ ডিম খেলেও উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বৃদ্ধি ও হৃদ্রোগের ঝুঁকি অতটা নেই।
সকালের নাশতায় একটি ডিম কোলেস্টেরল মাত্রার ওপর তেমন প্রভাব ফেলে না, যতটা প্রভাব ফেলে মিষ্টি বা চর্বিজাতীয় খাবার। তাই দৈনিক খাবার থেকে বরং ছেঁটে ফেলুন লাল মাংস, মাখন, চিনির তৈরি খাবার যেমন বেকারি বা প্রক্রিয়াজাত খাবার; ডিমকে দুষিয়ে লাভ নেই। কেননা ডিমে প্রচুর পরিমাণে আমিষ, ভিটামিন বি১২, রিবোফ্লোবিন, ফলেট ও ভিটামিন ডি রয়েছে। তবে কিডনি অকেজো রোগী, অ্যালার্জি-জাতীয় সমস্যায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিম খাবেন।
ডিন, মেডিসিন অনুষদ,
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

পূর্ণবয়স্ক সুস্থ মানুষ দৈনিক গড়ে
৩০০ মিলিগ্রাম
পর্যন্ত কোলেস্টেরল গ্রহণ করতে পারবেন। একটি ডিমে রয়েছে
২০০ মিলিগ্রাম
কোলেস্টেরল। তাই ডিম খেতে বাধা নেই