ডিম নিয়ে সংঘর্ষ, নিহত ১
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মুরগির ডিম ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোজাহের বিশ্বাস (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাশী গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের আক্কাস বিশ্বাসের একটি মুরগি তাঁর প্রতিবেশী ও চাচাতো ভাই মোজাহের বিশ্বাসের ঘরে ডিম পেড়েছে—এ দাবি করে আক্কাসের স্ত্রী আলেয়া বেগম ওই ডিম ফেরত চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে মোজাহের বিশ্বাস আহত হন। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। বোয়ালমারী থানার উপপরিদর্শক খালিদ আহমেদ বলেন, নিহত মোজাহের বিশ্বাসের ছেলে আবদুর রহিম বিশ্বাস বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে বুধবার রাতেই থানায় একটি হত্যা মামলা করেন। আসামি মো. আকমল বিশ্বাস ও আলেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।