ডিম বোঝাই পিকআপ ছিনতাই, গ্রেপ্তার ৪
একদল ছিনতাইকারী গত মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার উত্তর সালনা এলাকায় একটি ডিমভর্তি পিকআপ ছিনতাই করে। পালিয়ে যাওয়ার সময় চারজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া পিকআপটি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আ. কাদের মিয়া (৩৫), মুসা আলী (৩৫), ইয়াছিন আলী (২২) ও মনির হোসেন (৩০)।পুলিশের বক্তব্যমতে, ডিম ব্যবসায়ী আমিন মিয়া ১৭ হাজার ৬৪০টি ডিম একটি পিকআপে ভরে ঢাকার তেজগাঁও নিয়ে যাচ্ছিলেন। পিকআপটি সালনা এলাকার ন্যাশনাল পার্কের ৪ নম্বর ফটকের সামনে পৌঁছালে ছিনতাইকারী দল অপর একটি পিকআপ নিয়ে গতিরোধ করে। ছিনতাইকারীরা মারধর ও ছুরিকাঘাত করে আমিন মিয়া, পিকআপের চালক রোকন উদ্দিন ও তাঁর সহযোগী জুয়েল মিয়াকে আহত করে। পরে তাঁদের বেঁধে ছিনতাইকারীদের পিকআপে তোলা হয়। ছিনতাইকারী দলের সদস্য কাদের ওই পিকআপ চালিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে সন্দেহ হলে হোতাপাড়া ফাঁড়ির পুলিশ পিকআপটি আটক করে। এ সময় পিকআপের পেছনে ত্রিপল দিয়ে ঢেকে রাখা তিনজনকে উদ্ধার করা হয়। এ ছাড়া ছিনতাইকারী কাদের মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে কাদেরের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ছিনতাইকারী দলের সদস্য মুসা আলী, ইয়াছিন ও ছিনতাই করা ডিমের ক্রেতা মনিরকে গ্রেপ্তার করা হয়।