বছরের শুরুতে ছিল সুসময়। মাত্র ৬ টাকা দিলেই মিলত ফার্মের একটি লাল ডিম। আর ডজন কিনলে আরও কিছুটা সস্তায় পাওয়া যেত, প্রতি ডজন ৭০ টাকা। এতে প্রতিটি ডিমের দাম পড়ত ৫ টাকা ৮০ পয়সা। এখন আর সেই দিন নেই। এক ডজন ডিম কিনতে ১০০ টাকার একটি নোটের সঙ্গে আরও ৫ টাকা বাড়তি দিতে হচ্ছে। ফলে বাড়তি খরচ হচ্ছে প্রায় ৩৫ টাকা।
খামারমালিকদের দাবি, ডিমের এখনকার চড়া দামের কারণ দুই বছর ধরে অব্যাহত লোকসান। একটি ডিমের উৎপাদন খরচ ৬ টাকার কিছু বেশি। কিন্তু খামার পর্যায়ে দাম সাড়ে ৪ টাকায় নেমেছিল। এতে প্রায় ১৮ হাজার খামার বন্ধ হয়ে গেছে। তার মাশুল হিসেবেই ক্রেতাদের এখন বাড়তি দামে ডিম কিনে খেতে হচ্ছে। অবশ্য তাঁরা এও বলছেন, বর্ষায় হাঁসের ডিমের সরবরাহ কমে যায়। এতে ডিমের বাজার একটু বাড়তি থাকে।
দেশের সব শ্রেণির মানুষই ডিম কেনে। তবে নিম্ন আয়ের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম উৎস ডিম। বাজারে গরুর এক কেজি মাংসের দাম ৪৮০ থেকে ৫০০ টাকা। ছাগলের মাংসের কেজি ৭৫০ টাকার বেশি। ব্রয়লার মুরগি বছরজুড়েই কেজিপ্রতি ১৪০-১৫০ টাকার মধ্যে থাকে, যা পরিষ্কার করার পর কেজিপ্রতি দর ২০০ টাকার বেশি পড়ে। এসব প্রাণিজ আমিষের তুলনায় হাতের নাগালে সস্তায় মেলে ডিম। যদিও এখন সেটা আর সস্তা নেই।
রাজধানীর কারওয়ান বাজারে গতকাল বৃহস্পতিবার ফার্মের প্রতি হালি ডিম ৩৫ টাকা দরে বিক্রি করছিলেন বিক্রেতা মো. রফিক। তিনি বলেন, পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে ১০০ ডিম কিনতে তাঁকে দিতে হয় ৭৮০ টাকা, এতে প্রতি ডজনের দাম পড়ে ৯৪ টাকা। খুচরায় তিনি প্রতি ডজন ১০৫ টাকায় বিক্রি করেন। এর আগে মিরপুরের কাজীপাড়া ও তেজগাঁওয়ের কলমিলতা বাজারেও একই দরে ডিম বিক্রি করতে দেখা যায়।
মো. রফিকের দোকানে ডিম কিনছিলেন স্থানীয় তেজতুরী বাজার এলাকার বাসিন্দা মোরশেদা বেগম। জানতে চাইলে তিনি বলেন, তাঁর দুই সন্তানের জন্য প্রতিদিন সকালে অন্তত দুটি ডিম লাগে। এ ছাড়া প্রায়ই ভাতের সঙ্গে ডিমের তরকারি অথবা ভাজি সংসারের বাজেটে চাপ কমায়। তিনি বলেন, ‘মাছ-মাংস কেনা সব সময় সম্ভব হয় না। তাই ডিম বড় ভরসা। এখন তো দেখছি ডিম কেনাও কঠিন হয়ে যাচ্ছে।’
পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার মো. মহসিন নিজের গাজীপুরের খামারের উদাহরণ দিয়ে বলেন, এখন প্রতি ১০০ ডিম ৬৮০ থেকে ৭২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাঁর খামারে প্রতিটি ডিমের উৎপাদন খরচ ৬ টাকা ২১ পয়সা। তিনি বলেন, দুই বছর ডিমের দাম তলানিতে ছিল। এতে ১৮ হাজার খামার বন্ধ হয়ে গেছে। ফলে ডিমের উৎপাদন কমেছে। তিনি জানান, দেশে এখন ছোট-বড় মিলিয়ে ৭২-৭৩ হাজার খামার রয়েছে। অবশ্য তিনি আরও বলেন, খামারে ডিমের দাম কিছুটা কমেছে। ঈদুল আজহার আগে ও পরে আরও কিছুটা কমবে। কারণ, মানুষের ঘরে মাংস বেশি থাকবে, এতে ডিমের চাহিদা কমবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে, দেশে ২০১৬-১৭ অর্থবছরে ১ হাজার ৪৯৬ কোটি ডিম উৎপাদিত হয়। এতে প্রতিদিনের গড় উৎপাদন দাঁড়ায় প্রায় ৪ কোটি ৯ লাখ। এর মধ্যে বেশির ভাগ ফার্মের লাল ডিম, যা মানুষ বাসার জন্য বেশি কেনে। এ ছাড়া ফার্মের সাদা ডিম, হাঁসের ডিম ও দেশি মুরগির ডিম রয়েছে। বাজারে হাঁস ও দেশি মুরগির ডিম প্রতি হালি ৪৫ টাকা দরে বিক্রি করেন বিক্রেতারা।
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) হিসাবে, ২০১৬ সালে প্রতি হালি ডিমের গড় দাম ছিল ৩৪ টাকা, যা ২০১৭ সালে ৩২ টাকায় নামে।